কলকাতা 

রান্না ও বাণিজ্যিক গ্যাসের সমস্যা মেটাতে নবান্নে বৈঠক ডাকলেন মমতা, মোদি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের ডাক

শেয়ার করুন

রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের (এলপিজি) সঙ্কট নিয়ে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী ভাবে এই সঙ্কটের মোকাবিলা করা যায়, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। বিকল্প উপায়ের সন্ধান করবেন। বৃহস্পতিবারই জানাতে পারেন রাজ্য সরকারের সিদ্ধান্ত। এই সঙ্কটের পরিস্থিতি তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। নিউজ় ১৮ বাংলা এবং এবিপি আনন্দকে ফোনে তিনি জানিয়েছেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার শহরে মিছিলে হাঁটতে পারেন।

মমতা জানান, রাজ্য সরকারের আর্থিক সমস্যা রয়েছে। তা সত্ত্বেও এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্যের জন্য তিনি এগিয়ে আসতে পারেন। তবে তাতে তেমন লাভ হবে না। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমি তো ভর্তুকি দিতে চাই। তাতে লাভ হবে না। কারণ গ্যাসের জোগানই নেই! গ্রামবাংলা থেকে শহর— সকলের এতে সমস্যা হচ্ছে। আমি এটা নিয়ে কথা বলেছি। বৃহস্পতিবারই বৈঠক ডেকেছি। একটা কিছু বিকল্প ভাবা দরকার। দেখছি কী করা যায়।’’

Advertisement

গ্যাস রাজ্য সরকারের হাতে নেই, মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, কেন্দ্রের পেট্রলিয়াম মন্ত্রকের ভুল সিদ্ধান্তের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি দু’টি গ্যাস বুকিংয়ের মধ্যে অন্তত ২৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক করা হয়েছে। এই ঘোষণাতেই মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কেন ওরা বলে দিল, ২৫ দিন না হলে মানুষ গ্যাস পাবে না? পেট্রলিয়াম মন্ত্রকের কাছে আমাদের দাবি, এসআইআর-এর নাম কাটার দিকে না তাকিয়ে, মানুষের অধিকার না কেড়ে গ্যাসের সমস্যা মেটান। জরুরি পরিষেবার দিকে নজর দিন। গ্যাসের জোগান যেন বন্ধ না হয়। অটো, আইসিডিএস, মিড ডে মিল, বাড়ির রান্নার গ্যাস, ছোটখাটো রেস্তরাঁর সমস্যা মেটাতে হবে। ওদের আগে মানুষের কথা ভাবা দরকার। এটা কেন্দ্রের হাতে। আমরা চাই, দ্রুত কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করুক।’’

এলপিজি সঙ্কটের কারণে অনেক রুটে অটো ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। রেস্তরাঁয় খাবারের দাম বেড়েছে। তা নিয়ে মমতা বলেন, ‘‘যাঁরা দাম বা়ড়িয়েছেন, তাঁদের যুক্তি সঙ্গত। কিন্তু মানুষের কথা ভাবা দরকার। মানুষের স্বার্থে বিকল্প কিছু ভাবতে হবে। আমি বৈঠক করব। আমাদের টাকা নেই, তা-ও আমি সাহায্য করতে পারি। কিন্তু টাকা দিলেও গ্যাস পাওয়া যাবে না। ২৫ দিনের ওই ঘোষণা করাই সবচেয়ে বড় ভুল হয়েছে। এটা কেন বলল? এতেই আমার আপত্তি। আমি বিকল্প ভেবে তার পর তো ঘোষণা করব!’’ কেন্দ্রের পরিকল্পনার অভাবকেই এর জন্য দায়ী করেছেন মুখ্যমন্ত্রী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ