আনন্দপুরের ঘটনা নিয়ে মমতা সরকারকে তীব্র আক্রমণ শাহের
বিশেষ প্রতিনিধি : বারাকপুরের সভা থেকে আনন্দপুরের নাজিরবাদের অগ্নিকাণ্ড নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মর্মান্তির ঘটনার জন্য তৃণমূলের দুর্নীতিকেই দায়ী করলেন তিনি। প্রশ্ন তুললেন এত মৃত্যু, এত মানুষ নিখোঁজ তারপরও কেন গ্রেফতার করা হল না মোমো সংস্থার মালিককে। মৃতদের পরিবারকে শাহের আশ্বাস, ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলে দোষীরা শাস্তি পাবেই।
প্রতিদিনের মতো গত রবিবার রাতেও আনন্দপুরের নাজিরাবাদের কারখানা, গুদামে কর্মীদের আনাগোনা লেগে ছিল। লেলিহান শিখা নিমেষে বদলে দিয়েছে সেই চির পরিচিত ছবি। এখন সেখানে শুধুই ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধ। তার মধ্যেও প্রিয়জনের খোঁজ চালাচ্ছেন নিখোঁজদের পরিবার। যদিও সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে উদ্বেগ।
অন্যদিকে উদ্ধার হওয়া ২৫টি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ ম্যাপিংয়ের কাজ শুরু হবে শীঘ্রই। নিহতদের সঠিক পরিচয় জানার ক্ষেত্রে এই প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। আর সেই কাজ সম্পন্ন হলেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর।

