দাদপুর-বাতাসপুর স্কুলে ছাত্র-শিক্ষকদের নিয়ে অনুসন্ধানের বিশেষ অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি : সোমবার ৫ জানুয়ারি বীরভূম জেলার রামপুরহাটে দাদপুর-বাতাসপুর হাই স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সারাদিনের জন্য বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে সাতটি বিষয়ের উপর বিশেষ এমসিকিউ পরীক্ষার ব্যবস্থাপনা করে ধী-লার্ন অ্যাকাডেমি। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এই পরীক্ষার মূল্যায়ন বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন অ্যাকাডেমির ডাইরেক্টর পান্থ মল্লিক। পরীক্ষার পর বিভিন্ন বিষয়ের উপর ডাউট ক্লিয়ারেন্স ক্লাস সহ টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি পরীক্ষা বিষয়ক আলোচনা করেন বিশিষ্ট শিক্ষক ডঃ শশাঙ্ক শেখর মন্ডল, অমিতাভ পাল, জহরলাল নাইয়া, গৌরাঙ্গ সরখেল ও নাজিম মল্লিক। দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ মোটিভেশন ক্লাসের ব্যবস্থাপনা করা হয়।
এদিন অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় স্কুলে শিক্ষার মান উন্নয়নের ধারা অব্যাহত রাখা যায় কীভাবে, তা নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক দীর্ঘ বৈঠকের আয়োজন করা হয়। বিদ্যালয়ের মাননীয় প্রতিষ্ঠাতা, প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষাকর্মীসহ উপস্থিত ছিলেন বর্তমান এডমিনিস্ট্রেটর গোলাম কিবরিয়া। আলোচনায় অংশ নিয়েছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ও সকল শিক্ষক শিক্ষিকা।

শিক্ষার মানোন্নয়নে সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসার জন্য বলেন রাজ্য শিক্ষা দপ্তরের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর দিব্যগোপাল ঘটক। তিনি বলেন পঞ্চম বা ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষার মৌলিক দক্ষতাগুলো এগোচ্ছে কিনা সেটা আমাদের ভালো করে দেখা প্রয়োজন। এ ব্যাপারে অনুসন্ধান সোসাইটির সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি জানান। বিশিষ্ট বিজ্ঞানী এলাকার ভূমিপুত্র অনুসন্ধান সোসাইটির মুখ্য পরামর্শদাতা বিজ্ঞানী মতিয়ার রহমান খান এই স্কুলেরই প্রাক্তনী। তিনি তাঁর মা রেশম বিবি ও তাঁর প্রয়াত পিতা আব্দুর রেকিব খাঁ-এর নামে বিদ্যালয়ের শিক্ষা উৎকর্ষ সাধনে চারজন ছাত্র-ছাত্রীর এক বছরের স্কলারশিপ এর ঘোষণা করেন। তিনি বলেন, বিদ্যালয় উদ্যোগী হলে তাঁদের পরিবার আরো নানা রকমভাবে ছাত্র-ছাত্রীদের পাশে থাকতে প্রস্তুত। এদিনের বৈঠক সঞ্চালনার দায়িত্বে ছিলেন নায়ীমুল হক। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এদিনের বৈঠকের পর তাঁদের উৎসাহ-উদ্দীপনার কথা জানিয়েছেন বলে জানান তিনি।

