জেলা 

গ্যাস সিলিন্ডার ফেটে চেন্নাইয়ে মৃত বীরভূমের ২ যুবক, অসহায় পরিবারের পাশে কাজল শেখ!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের বীরভূমের ২ যুবক। এরা শ্রমিক হিসাবে চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন। সেখানেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে খবর, বীরভূম জেলার পাটনীল গ্রামের বাসিন্দা বাবু শেখ এবং ইউসুফ শেখ মাসখানেক আগে চেন্নাই গিয়েছিলেন। তিরুভাল্লুর জেলায় তাঁরা শ্রমিকের কাজ করতেন। গত ৩১ অক্টোবর সেখানকার কাগজের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতে ২৬ বছরের বাবু এবং ২৫ বছরের ইউসুফ গুরুতর জখম হয়েছিলেন।

Advertisement

জানা গিয়েছে, কাগজের কারখানায় দগ্ধ হন বীরভূমের ওই দুই শ্রমিক। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু কয়েক দিনের ব্যবধানে দু’জনেরই মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছে পরিবার।

বাবু এবং ইউসুফ, দু’জনেই বিবাহিত এবং দু’জনেরই একটি করে নাবালক সন্তান রয়েছে। সংসারের মূল রোজগেরের অকালমৃত্যুতে অকূলপাথারে পড়েছে দুই পরিবার। গ্রামের দুই যুবকের মৃত্যুসংবাদ পাওয়ার পরে শোকস্তব্ধ পাটনীল গ্রাম। ওই পরিবারগুলির আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ বলে স্থানীয় সূত্রে খবর।

এ নিয়ে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, তাঁরা ওই দুই পরিবারের পাশে আছেন। তিনি বলেন, ‘‘প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার জন্য যা যা করা সম্ভব, করা হবে। ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় মৃত শ্রমিকদের পরিবারের জন্য বাড়ি বরাদ্দ হয়েছে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ