দেশ 

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! উদ্বেগ প্রকাশ মমতার

শেয়ার করুন

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার সকালে শবরীমালা মন্দির দর্শনে যাওয়ার আগে রাষ্ট্রপতির হেলিকপ্টারটি কেরলের প্রমাদম স্টেডিয়ামে হেলিপ্যাডে নামামাত্রই তার একাংশ ভেঙে পড়ে। যদিও রাষ্ট্রপতি ও তাঁর নিরাপত্তা কর্মীরা সকলেই অক্ষত রয়েছেন। তবে কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।

ভারতের রাষ্ট্রপতি-সহ অন্য বিশেষ ব্যক্তি বা ভিআইপি-রা সাধারণত ভারতীয় বায়ুসেনা দ্বারা পরিচালিত এমআই-১৭ হেলিকপ্টারে ভ্রমণ করেন। বায়ুসেনার স্কোয়াড্রন পরিচালিত এই হেলিকপ্টারটি স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকাজ, মাওবাদী দমন অভিযানের পাশাপাশি উচ্চপদস্থ ব্যক্তিদের উড়ানে ব্যাবহৃত হয় এই কপ্টার।

Advertisement

বুধবার সকালে কেরলের প্রমাদমে রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামের হেলিপ্যাডে নামছিল রাষ্ট্রপতি মুর্মুর কপ্টার। কিন্তু হেলিপ্যাড ছুঁতেই কপ্টারের ওজনে তার একাংশ ভেঙে পড়ে। এক দিকে হেলে পড়ে হেলিকপ্টারটি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং দমকলকর্মীরা দ্রুত সেটিকে ঠেলে সোজা করে দেন। অবশ্য, রাষ্ট্রপতি অক্ষত রয়েছেন। তবে এই ঘটনার পর তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার সকালে কেরল সফরে গিয়ে বড়সড় দুর্ঘটনা এড়াতে পেরেছেন। এ জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করি।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ