আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার জন্য ফের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বিকাল ৫ টায় ডাকা হল! ইমেইল পাঠালেন মুখ্য সচিব
বিশেষ প্রতিনিধি : আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার জন্য ফের আবার ডাকা হল। ছুটির দিন থাকায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সোমবার বিকাল ৫টায় তাঁদের ডাকা হয়েছে।
এই মর্মে মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেল করেছেন। ওই ইমেলে বলা হয়েছে, ‘‘গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং শেষতম চেষ্টা। খোলামনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সুচিন্তার জয় হবেই। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী, এই বৈঠকের কোনও ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না, কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণীতে দু’পক্ষের সই থাকবে।’’
ইমেলে আরও বলা হয়েছে, ‘‘সোমবার বিকাল ৫টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন, তাঁদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে।’’ বিকাল ৪টে ৪৫ মিনিটের মধ্যে কালীঘাটে পৌঁছে যেতে বলা হয়েছে ডাক্তারদের প্রতিনিধিদের।
উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য় ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। সোমবার তাঁদের ধর্নার সপ্তম দিন। এর মাঝে বার বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা ভেস্তে গিয়েছে। ডাক্তারেরা প্রথম থেকে বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবিতে অনড় ছিলেন।

