বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ!
বাংলার জনরব ডেস্ক : দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই আরএসএস নাকি তার নাম প্রস্তাব করেছে দিল্লির কাছে দিল্লির সবুজ সংকেত পেলেই দিলীপ ঘোষ এ রাজ্যে পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
আর এ খবর পেয়ে বঙ্গ বিজেপিতে এখন দিলীপের অনুরাগীরা উচ্ছ্বসিত। এদিকে দিলীপ ঘোষ কে নিয়ে এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।বৃহস্পতিবার হঠাৎ করেই দিলীপকে নিয়ে উচ্ছ্বসিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি পরিষদীয় দল। এই বিধানসভায় মাসকয়েক আগে গিয়েও কাউকে পাননি দিলীপ। ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দেখা যায়নি বিজেপি বিধায়কদেরও। সেই ছবিই আমূল বদলে গেল বৃহস্পতিবার। জন্মদিনে বিধানসভায় পা রাখতেই উৎসবের সংবর্ধনা দিলীপ ঘোষকে। দিলীপ বিধানসভার বাইরে পৌঁছেছেন খবর পেয়েই বিরোধী দলনেতা নিজে গাড়ি বারান্দায় গিয়ে তাঁকে সাদর অভ্যর্থনা জানান সব বিধায়ককে সঙ্গে নিয়ে। ঘরে নিয়ে গিয়ে মিষ্টিমুখ করান, গায়ে চড়িয়ে দেন উত্তরীয়। প্রায় গলাগলি ছবি তোলা থেকে হাসিমুখে গল্প, শেষে দীর্ঘক্ষণ একান্তে দুজনে বসে নানা আলোচনা। আবার বিকেলে সল্টলেকে বিজেপি দপ্তরে দিলীপকে মিষ্টিমুখ করিয়েছেন রাজ্য বিজেপি নেতারা। ফলে এই ছবি জন্ম দিয়েছে রাজ্য বিজেপিতে নতুন সমীকরণের।
তবে কি দিলীপ সত্যিই বড় কোনও পদ অলংকৃত করতে চলেছেন? আর তার ইঙ্গিত পেয়েই কি দিলীপের সঙ্গে সমস্ত খারাপ সম্পর্কে ইতি টানলেন শুভেন্দু? গেরুয়া শিবির সূত্রে খবর, আরএসএসের তরফে দিলীপ ঘোষের নামই পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে প্রথম পছন্দ হিসাবে গিয়েছে দিল্লির কেন্দ্রীয় নেতাদের কাছে। দিলীপ ঘোষই যে পরবর্তী রাজ্য সভাপতি সে ব্যাপারে অনেকটা স্পষ্ট হয়ে গেছে।

