ঘরছাড়া কর্মীদের নিয়ে রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারী! রাজভবনের প্রবেশপথে ব্যারিকেড পুলিশের পুলিশের!
বাংলার জনরব ডেস্ক : ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার এবং ঘর ছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি।হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার প্রায় দু’শো জনকে নিয়ে এদিন রাজভবনে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এখনও রাজভবনের ভেতরে ঢুকতে পারেননি তাঁরা।
বিজেপির জমায়েত ঘিরে রাজভবন চত্বরে যাতে নতুন করে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়, সেজন্য আগে থেকেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। ফলে রাজভবনের তিনদিকের গেটই কার্যত অবরুদ্ধ।

এই অবস্থায় ঘরছাড়ারা কীভাবে রাজভবনে প্রবেশ করবেন তা নিয়ে উত্তেজনা বাড়ছে। অন্যদিকে পুলিশের তরফে বলা হচ্ছে, রাজভবন চত্বরে বরাবরই ১৪৪ ধারা জারি থাকে। ফলে এটা নতুন কোনও বিষয় নয়।
বিজেপির তরফে অবশ্য বলা হচ্ছে, এ ব্যাপারে আগে থেকেই রাজ্যপালের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। ঘরছাড়াদের পাশাপাশি রাজভবনের বাইরে অপেক্ষা করছেন বিরোধী দলনেতাও। ইতিমধ্যে টেলিফোনে শুভেন্দু রাজ্যপালের সঙ্গেও কথা বলেছেন বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, পুলিশ রাজভবনে ঢুকতে না দিলে সেক্ষেত্রে বিজেপি আদালতের দ্বারস্থ হতে পারে।
অন্যদিকে এ ব্যাপারে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বাংলায় বিজেপির প্রকৃত ঘরছাড়া তো দিলীপ ঘোষ। তাঁকে নিয়ে গেলেন না কেন! আর কার কাছে যাচ্ছে? রাজ্যপাল! য়ার বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল, সেটা তো বাংলার মানুষ ভুলে যায়নি।” একই সঙ্গে কুণাল আরও বলেন, বাংলায় ভরাডুবির পর নজর ঘোরাতেই কিছু লোককে খাইয়ে দাইয়ে রেখে ঘরছাড়ার নাটক করছেন।”

