বামেদের সঙ্গে জোটে রাজি অধীর ! আইএসএফ নিয়ে কী বললেন?
বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়কে জোট নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করলেও বামেদের সঙ্গে জোট নিয়ে অনেকটাই নরমপন্থী অবস্থান নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেই জোটে আইএসএফ থাকবে কিনা সেই প্রশ্নের উত্তর স্পষ্ট ভাবে দেননি অধীর চৌধুরী। এক্ষেত্রে তিনি বল ঠেলে দিয়েছেন কংগ্রেস হাই কমান্ডের দিকে।
তিনি জানান, বামেদের সঙ্গে জোটের ব্যাপারে উৎসাহী প্রদেশ কংগ্রেস। তবে জোটের সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাই কমান্ড। বাম-কংগ্রেস জোটে আইএসএফ-কে নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্তও হাই কমান্ড নেবে বলে জানান অধীর। তিনি বলেন, ‘‘গত বারও আমরা বামেদের সঙ্গে জোট করে লড়েছিলাম। এ বারও দরজা খোলা রয়েছে।’’
আইএসএফ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘গত বার আইএসএফের সঙ্গে আমাদের জোট ছিল না। তবে বামেদের সঙ্গে আইএসএফের জোট হয়েছিল। বামফ্রন্ট কী করবে তাদের বিষয়।’’ অন্য দিকে, ডায়মন্ড হারবার লোকসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকি লড়তে চান বলে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। এ নিয়ে ঘনিষ্ঠ মহলে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যদি নওশাদ সিদ্দিকী প্রার্থী হন তাহলে তাকে কংগ্রেস সমর্থন দেবে!

