রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বিতর্কিত আইপিএস রাজিব কুমার! খোঁচা কুণালের
বাংলার জনরব ডেস্ক : রাজ্য পুলিশের ডাইরেক্টর জেনারেল পদে বসতে চলেছেন বিতর্কিত আইপিএস অফিসার রাজিব কুমার। যিনি কলকাতা পুলিশ কমিশনারের পদে ছিলেন পরবর্তীকালে তাকে তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্ব দিয়েছিল মমতা সরকার। বর্তমান ডিজি মনোজ মালব্য আগামীকাল বুধবার অবসর নিচ্ছেন তার জায়গাতেই বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অফিসার বলে পরিচিত রাজিব কুমার।
তবে পরবর্তী মুখ্য সচিব কে হবেন তা এখনই স্পষ্ট করে না বলা হলেও শোনা যাচ্ছে বর্তমান স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, মুখ্য সচিব পদে বসতে পারেন। তবে রাজিব কুমারের ডি জি পদে বসাটা রাজ্য রাজনীতিতে চমক বলে মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজিব কুমারকে পশ্চিমবাংলা পুলিশের সর্বোচ্চ পদে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চাইলেন তা এখনো স্পষ্ট হচ্ছে না।
কারণ লোকসভা নির্বাচনের মুখেই পশ্চিমবাংলার পুলিশের সর্বোচ্চ কর্তাকে সরিয়ে দিতে পারে নির্বাচন কমিশন এর আগে নির্বাচনে যখন রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার ছিলেন তখন তাকে সরিয়ে দেয়া হয়েছিল সেই পরম্পরা বজায় রেখেই নির্বাচন কমিশন যে একই কাজ করবে সে বিষয়ে সংশয় থাকার জায়গা নেই। তা সত্ত্বেও কেন বিতর্কিত একজন আইপিএসকে এই পদে বসালেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাজিব কুমারকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসানোটা যে তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ মেনে নিতে পারছেন না তা স্পষ্ট হয়েছে কুনাল ঘোষের কথায়। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারির পরেই এক্স হ্যান্ডেলের টুইট করে কুনাল ঘোষ বলেছেন যেন আমার মত কোন নির্দোষ ব্যক্তি যেন আপনার হাতে বলি না হয় এ কথা বলার মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয়েছে শাসকদলের মধ্যেই তার এই নিয়োগ নিয়ে আপত্তি উঠেছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাস তালুক বলে পরিচিত বারানসির ভূমিপুত্র রাজিব কুমার যে পুলিশ অফিসার হিসেবে যোগ্যতা নিয়ে কোন সন্দেহ নেই। আর তার নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে নিয়েছেন বলে রাজনৈতিক মহলের একটা অংশের অভিমত।
এদিকে চলতি মাসেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ শেষ হচ্ছে। তার পরই সেই পদে আসতে পারেন বি পি গোপালিকা। এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। ফলে পরবর্তী স্বরাষ্ট্র সচিব পদে কে বসবেন তা এখনও নিশ্চিত নয়। একাধিক অভিজ্ঞ প্রশাসনিক কর্তার নাম ভাসছে হাওয়ায়। উল্লেখ্য, কেন্দ্র প্রাক্তন মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধি না করায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মুখ্যসচিব পদে এনেছিলেন মুখ্যমন্ত্রী। আবার প্রাণিসম্পদ বিকাশ ও প্রশাসন কর্মিবর্গ দপ্তরের অতিরিক্ত সচিব বি পি গোপালিকাকে স্বরাষ্ট্রসচিব পদে বসিয়েছিলেন।

