প্রাথমিকের টেটের প্রশ্নপত্র ফাঁস! কি বললেন পর্ষদ সভাপতি?
বাংলার জনরব ডেস্ক : প্রাথমিকের টেট পরীক্ষার প্রশ্নপত্র ঘন্টাখানেকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি অধ্যাপক গৌতম পাল বলেছেন পর্ষদের বদনাম করার জন্য এগুলি রটানো হচ্ছে।
রবিবার দুপুর ১২টা থেকে শুরু হয় প্রাথমিকে নিয়োগের পরীক্ষা (টেট)। আড়াইটেতে শেষ হয় পরীক্ষা। অভিযোগ, দুপুর ১টা নাগাদ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রশ্নপত্রের একাংশ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম জানিয়েছেন, একে ‘ফাঁস’ বলা যাবে না। কেন তিনি এই কথা বলছেন, সেই যুক্তিও দিয়েছেন। তাঁর কথায়, ‘‘১২টায় পরীক্ষা শুরু হয়েছে। ১টা নাগাদ উত্তরপত্রের ওই অংশ দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপে। ৮০০-র কাছাকাছি কেন্দ্র। সেখানে মোবাইল চেক করে তার পর পরীক্ষার্থীদের ঢোকানো হয়েছে। যাঁদের সঙ্গে মোবাইল ছিল, আটকে দেওয়ার চেষ্টা করেছি। সমাজমাধ্যমের ওই পোস্ট থেকে কোনও পড়ুয়া উপকৃত হননি। কারণ তাঁরা ১১টায় পরীক্ষাকেন্দ্রে ঢুকেছেন।’’ গৌতমের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে কেউ কেউ নাম খারাপ করার চেষ্টা করছেন।
প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, এ বছর টেটে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন। রবিবার টেট দিয়েছেন ২ লক্ষ ৭২ হাজারের কিছু বেশি। রাজ্যের মোটি ৭৭৩টি কেন্দ্রে হচ্ছে টেট, যার মধ্যে পাঁচটি কলকাতায়। এমনিতে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বিঘ্নেই মিটেছে পরীক্ষা। ১২টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। তবে কেন্দ্রে অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হয়েছে ১১টার মধ্যে। সে কারণে পরীক্ষা কেন্দ্রগুলির সামনে সকাল ১০টা থেকে ছিল ভিড়। মোবাইল বা ইলেক্ট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বারণ ছিল। পরীক্ষাকেন্দ্রে আশপাশে ছিল ১৪৪ ধারা।

