রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের আচমকা পদত্যাগ! ব্রিটেন থেকেই ইস্তফা পত্র পাঠালেন রাজ্যপালকে
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা এজির পদ থেকে পদত্যাগ করলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। শুক্রবার ই মেল মারফত নিজের ইস্তফা পত্র রাজ্যপালকে পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ।বস্তুত, নতুন অ্যাডভোকেট জেনারেল (এজি) নিয়োগ করতে পারে রাজ্য, এটা নিয়ে কানাঘুসো চলছিল। এজি পদে ফের আইনজীবী কিশোর দত্তকে নিয়োগ করা হতে পারে, এমন জল্পনাও চলছিল। আইনজীবী সৌমেন্দ্রনাথ এখন ব্রিটেন সফরে রয়েছেন। হাই কোর্টের একটি সূত্রে খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং আইনমন্ত্রী মলয় ঘটককে পদত্যাগপত্র পাঠাবেন তিনি।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর, মঙ্গলবার পাবলিক প্রসিকিউটর (পিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হয় শাশ্বতগোপাল মুখোপাধ্যায়কে। নতুন পিপি হন দেবাশিস রায়। তার পর থেকেই এজি পদে বদল নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
উল্লেখ্য, যে কিশোর দত্ত আবার এজি হচ্ছেন বলে জল্পনা, তিনি এর আগেও রাজ্যের এজি ছিলেন। গত বিধানসভা ভোটের পরে তাঁকে সরিয়ে দেয় নবান্ন। তার পর ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর ওই পদে আনা হয় সৌমেন্দ্রনাথকে।
আইনজীবী সৌমেন্দ্রনাথ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘আমি এই মুহূর্তে বিদেশে রয়েছি। শুধু রাজ্যপালকেই ইস্তফাপত্র পাঠিয়েছি।’’ কিন্তু, আচমকা কেন এমন সিদ্ধান্ত? প্রবীণ আইনজীবী বলেন, ‘‘আমি ইউকে-তে আছি। কোনও কারণ ছাড়াই আমি ইস্তফাপত্র পাঠিয়েছি। চিঠিতে কোনও কারণ উল্লেখ করিনি।’’
উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে বিগত ১২ বছর ধরে রাজ্যের কোন অ্যাডভোকেট জেনারেল সম্পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। এর আগে যিনি এজি ছিলেন সেই কিশোর দত্ত সময়সীমা শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন। তার আগেই যিনি ছিলেন তিনিও সময়সীমা শেষ হওয়ার আগে পদত্যাগ করেছিলেন তার আগে যিনি এজি ছিলেন তিনিও সময়সীমার শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন।

