কলকাতা 

প্রতারণা মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করল ইডি!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রতারণা মামলায় এবার বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে তলব করল কেন্দ্রীয় সংস্থা ইডি। আগামী মঙ্গলবার তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে বিধাননগরের সিজিও কমপ্লেক্স এ তলব করা হয়েছে।নুসরতের সঙ্গে ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকেও  তলব করা হয়েছে বলে খবর ইডি সূত্রে। তাঁকেও ইডি দফতরে হাজিরা দিতে হবে মঙ্গলবার।

নুসরতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-’১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। বদলে তাঁদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা না পেয়েছেন কোনও ফ্ল্যাট, না ফেরত পেয়েছেন টাকা। নুসরত ওই সংস্থার ‘অন্যতম ডিরেক্টর’ বলে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

শঙ্কুদেবের অভিযোগ, এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে লাভ হয়নি। নুসরতের বিরুদ্ধে আদালতেও মামলা করা হয়েছিল। কিন্তু অভিযোগ, আদালতের শমন পেয়েও হাজিরা দেননি সাংসদ তথা অভিনেত্রী। তাই শেষে প্রতারিতদের নিয়ে ইডি দফতরে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন শঙ্কুদেব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে এ-ও দাবি করেন, ‘প্রতারণার’ টাকা দিয়ে পাম অ্যাভিনিউতে নুসরত ফ্ল্যাট কিনেছেন।

অভিযোগ প্রকাশ্যে আসার পর নুসরতের তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। সেখানে তিনি যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন। নুসরত স্পষ্ট জানিয়েছিলেন, সংশ্লিষ্ট সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছেন। সেই ঋণ সুদ-সহ ফিরিয়েও দিয়েছেন। ওই সংস্থার সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই। তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন নুসরত। তবে সাংবাদিক সম্মেলনে এর বাইরে সাংবাদিকদের আর প্রায় কোনও প্রশ্নেরই জবাব তাঁকে দিতে শোনা যায়নি।

পরে ওই সংস্থার আর এক ডিরেক্টর রাকেশ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন , নুসরত তাঁদের সংস্থা থেকে কোনও ঋণ নেননি। নুসরতের ওই বক্তব্য শুনে তিনি স্তম্ভিত!

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ