মহিলাকে ধর্ষণের চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগে বেনিয়াপুকুর থেকে গ্রেফতার যুবক
বাংলার জনরব ডেস্ক : মহিলাকে ধর্ষণের চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগে বেনিয়াপুকুর থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে গগন কুমার ওরফে রণবীর জন নামে ওই যুবককে গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে।
বছর তেত্রিশের এক মহিলার অভিযোগ, গত বছর ২৮ ডিসেম্বর রাতে লেকটাউন থানার দক্ষিণদাঁড়ি রোড এলাকায় তাঁর উপর চড়াও হন রণবীর নামে ওই যুবক। তিনি ওই মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, রণবীর তাঁর সঙ্গে জোর করে যৌনসম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এর পর তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এ নিয়ে মঙ্গলবার রাতে কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ওই রাতেই বেনিয়াপুকুরের একটি বার থেকে পুলিশ গ্রেফতার করে রণবীরকে।
Advertisement


