রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে ‘বৈপ্লবিক’, ‘যুগান্তকারী’ বলে প্রশংসা করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা, অস্বস্তিতে তৃণমূল
বাংলার জনরব ডেস্ক: রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রশংসা করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা।তিনি কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে ‘বৈপ্লবিক’, ‘যুগান্তকারী’ বলে প্রশংসায় পঞ্চমুখ । যদিও তাঁর এই মত ব্যক্তিগত বলে এড়িয়ে গিয়েছে তৃণমূল (TMC)।
তৃণমূলের তারকা সাংসদ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা বললেন, ”রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক। দেশে এমন যাত্রা আগে কখনও হয়নি। রাহুলের ব্যক্তিত্ব দেশের যুবদের নিঃসন্দেহে উৎসাহিত করবে। ওঁর লক্ষ্য অনেক বড় ও শুভ। আমার আন্তরিক শুভেচ্ছা রইল।”
জনসংযোগ বাড়িয়ে হৃত জনসমর্থন পুনরুদ্ধারে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দল। কাশ্মীর থেকে কন্যাকুমারী সুদীর্ঘ পথ ধরে মিছিলে হাঁটছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) ও অগণিত কংগ্রেস সমর্থক। নানা জায়গায় সেই যাত্রায় যোগ দিয়েছেন একাধিক সেলিব্রিটি। ফলে কিছুটা হলেও জৌলুস বেড়েছে ভারত জোড়ো যাত্রার। এই মুহূর্তে হরিয়ানায় রয়েছে রাহুলদের পদযাত্রা। তাতে খানিকটা হিন্দুত্বের রংও লেগেছে। সে যাই হোক, এই যাত্রা কংগ্রেসের ‘হাত’ কতটা শক্ত করবে, তা তো সময়ই বলবে।
ভারত জোড়ো যাত্রার নানা দিক নিয়ে সমালোচনার মাঝে তাকে ‘বৈপ্লবিক’ অ্যাখ্যা দিয়ে শত্রুঘ্ন সিনহা যে নিজের দলকে বেশ অস্বস্তিতে ফেললেন, তা বলাই বাহুল্য।

