সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে কলকাতার এক ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা ও গয়না নিয়ে চম্পট
বাংলার জনরব ডেস্ক : সিবিআই তল্লাশির নামে কলকাতার ভবানীপুরের এক ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ-লক্ষ টাকা নিয়ে গায়েব দুষ্কৃতীরা। সিবিআই (CBI) আধিকারিক বলে পরিচয় দিয়ে গত কাল সোমবার সকাল আটটা নাগাদ ভবানীপুর রূপচাঁদ মুখার্জি লেনের এক ব্যবসায়ীর বাড়িতে এই দুষ্কৃতী হানা দেয়।
ব্যবসায়ী সুরেশ ওয়াধার বাড়িতে সিসিটিভি না থাকলেও আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সূত্রের খবর, পুলিশ লেখা একটি গাড়িতে ওই ব্যবসায়ীর বাড়িতে সাত-আটজনের দল এসে হানা দেয়। নিজেদের সিবিআই আধিকারিক বলে পরিচয় দিয়ে বাড়ি তল্লাশির কথা জানায়। এরপর নগদ ত্রিশ লক্ষ টাকা ও প্রচুর সোনার গয়না নিয়ে ‘সিজার’ লিস্ট বানায় ব্যবসায়ীর সামনে। তবে সেই লিস্টের কপি যেমন দেয়নি ব্যবসায়ীকে, তেমনই কোন অফিস থেকে কী কারণে এই হানা তাও জানানো হয়নি। ব্যবসায়ীর এইসব প্রশ্নে তারা বলে, ‘আমরাই আপনাকে ডেকে নেব।’
বেশ খানিকক্ষণ ধরে এই ‘অপারেশন’ করে দুষ্কৃতীরা চলে যাওয়ার পর ওই ব্যবসায়ী সন্দেহবশে ভবানীপুর থানায় গিয়ে বিস্তারিত জানান। পুলিশ তখনই সন্দেহ করে। এরপর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশের সন্দেহ এই দুষ্কৃতী হানার পিছনে ব্যবসায়ীর জানাশোনা কেউ থাকতে পারে। কারণ, ওই দুষ্কৃতীরা বড় বাড়ি ও একাধিক ঘর থাকা সত্ত্বেও সেই ঘরেই ঢুকে তল্লাশির নামে আলমারি খোলায়, যেখানে ছিল টাকা ও সোনার গয়না। ফলে এই তথ্য পরিচিত ছাড়া অন্য কারও জানার কথা নয়।
যে বাড়ির ছবি দেওয়া হয়েছে ওই বাড়ীতেই কথিত সিবিআই হানা হয়।

