প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার নিদান দিয়ে গ্রেফতার মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা
বাংলার জনরব ডেস্ক: এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোতল করার নিদান দেওয়ার অপরাধে গ্রেফতার করা হল মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী রাজা পাটেরিয়াকে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার রাতে মধ্যপ্রদেশের দামোতে নিজের বাড়ি থেকে পাটেরিয়াকে নিয়ে যায় পুলিশ। সূত্রের খবর, তাঁকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে পান্না জেলার পাওই থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সম্প্রতি পাটেরিয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, একটি জনসভায় ভাষণ দিচ্ছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা (Congress) রাজা পাটেরিয়া।
তঁকে বলতে শোনা যায়, “দেশের গণতন্ত্রকে ধ্বংস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতি, ধর্ম, ভাষা-সমস্ত কিছুর ভিত্তিতে ভেদাভেদ করছেন তিনি।” এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন রাজা। তিনি বলেন “দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবন বিপন্ন। তাই সংবিধানকে বাঁচাতে গেলে মোদিকে হত্যা করতে হবে।” এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় উঠে।
ভিডিওটি প্রকাশ্যে আসতে অবশ্য সাফাই দেন ওই কংগ্রেস নেতা। তিনি বলেন, “হত্যা শব্দটি ব্যবহার করে আমি আসলে বলতে চেয়েছি, পরাজিত করতে হবে মোদিকে (Narendra Modi)। আমি নিজে মহাত্মা গান্ধীর আদর্শ মেনে চলি, তাই হিংসাত্মক মনোভাবের কথা মনেও করতে পারি না। নির্বাচনে প্রধানমন্ত্রীকে হারিয়ে সংখ্যালঘুদের রক্ষা করতে হবে।”

