গরু পাচার মামলায় এবার ইডির নজরে রাজ্যের ৫ আইপিএস,ডিসেম্বরের প্রথম সপ্তাহে তলবের সম্ভাবনা
বাংলার জনরব ডেস্ক : গরু পাচার (Cattle Smuggling) মামলায় এবার ইডির নজরে রাজ্যের ৫ আইপিএস। সূত্রের খবর, এই ৫ আইপিএসকে তলব করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ডিসেম্বরের শুরুতেই তাঁদের ডেকে পাঠানো হতে পারে দিল্লিতে।
ইডি সূত্রে খবর, গরু পাচার মামলায় এবার ইডির স্ক্যানারে ৫ আইপিএস (IPS) অফিসার। তালিকায় রয়েছেন মুর্শিদাবাদ (Murshidabad) ও বীরভূমে (Birbhum) দায়িত্ব সামলানো প্রাক্তন পুলিশ আধিকারিকরা। এঁদের মধ্যে রয়েছেন ডিআইজি পদমর্যাদা সম্পন্ন ২ আইপিএস, ২ পুলিশ সুপার। আইপিএস হুমায়ুন কবীর তথা বর্তমানে তৃণমূলের বিধায়ককেও ডেকে পাঠানো হতে পারে। পাঁচ আইপিএস অফিসারকে ডিসেম্বরের ২ থেকে ৩ তারিখের মধ্যে দিল্লিতে (Delhi) ডেকে পাঠানো হতে পারে বলে খবর।
আসলে মুর্শিদাবাদ, বীরভূম – দুই জেলাই সীমান্তবর্তী। এখান দিয়ে সর্বাধিক গরু পাচার হয়ে থাকে। তাই এই দুই জেলার পুলিশ প্রশাসনের দায়িত্ব সামলানো আধিকারিকদের তলব করে ইডি জানতে চায়, তাঁদের সময়ে পাচার সংক্রান্ত কোনও কিছু আঁচ পেয়েছিলেন কি না। পেয়ে থাকলে কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এমনই নানা প্রশ্নের উত্তর আইপিএসদের কাছে জানতে চাইতে পারেন ইডি আধিকারিকরা।

