West Bengal Teacher Recruitment Scam: অবৈধ নিয়োগ মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে মমতা সরকার
বাংলার জনরব ডেস্ক : কার নির্দেশে ‘অবৈধ’দের চাকরিতে পুনর্বহালের আবেদন করা হয়েছে আদালতে? এই প্রশ্নের উত্তর খোঁজার নির্দেশ সিবিআইকে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বহাল রাখে। তাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। যার অর্থ, এখনই ওই তদন্ত করবে না সিবিআই। পাশাপাশিই, আদালত জানিয়ে দিল রাজ্যের স্কুল শিক্ষা সচিব মণীশ জৈনকেও আপাতত সশরীরে হাই কোর্টে হাজির হতে হবে না।
‘অবৈধ’ নিয়োগের অভিযোগের ভিত্তিতে যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের পরিবারের কথা ভেবে কমিশনের পক্ষ থেকে গত সেপ্টেম্বরে পুনর্বহালের আবেদন করা হয়েছিল উচ্চ আদালতে। যার প্রেক্ষিতে কমিশনের কড়া সমালোচনা করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের জন্য অন্য কাজের ব্যবস্থা করা হোক। তবে শিক্ষকতার কাজ নয়। কারণ, তা হলে যোগ্যরাই চাকরি পাবেন না। এর পরেই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কমিশন।


