কলকাতায় ক্রিকেট খেলতে এসে হানিট্রাপের শিকার দিল্লির ক্রিকেটার,গ্রেফতার তিন
বাংলার জনরব ডেস্ক : কলকাতায় ক্রিকেট খেলতে এসে প্রতারণার শিকার হলেন দিল্লির এক ক্রিকেটার। তিনি হানি ট্রাপের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত ২৯ শে অক্টোবর দিল্লি থেকে কলকাতায় খেলতে এসেছিলেন বৈভব কান্ডপাল নামে এক ক্রিকেটার। অভিযোগ চার ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারের ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখায়। এই হুমকি দিয়েই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, চলতি মাসের ২ তারিখ গভীর রাতে দিল্লির বাসিন্দা ক্রিকেটার বৈভব কাণ্ডপাল বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে। সে দিল্লির হয়ে ক্রিকেট খেলতে গত মাসের ২৯ তারিখ রাজ্যে আসেন। এখানে এসে সল্টলেকের একটি অভিজাত হোটেলে ওঠেন বৈভব। এরপর চলতি মাসের ১ তারিখ বাগুইআটির ৪৪ নং বাসস্ট্যান্ডে তাকে চার জন যুবক একটি জায়গায় নিয়ে যায় এবং তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। এমনকী তার কাছ থেকে অনলাইনে ষাট হাজার টাকা-সহ তার সঙ্গে থাকা দামি মোবাইল ফোন ও চেন ছিনতাই করে পালিয়ে যায়।
পুলিস সূত্রে আরও খবর, একটি ডেটিং সাইটের মাধ্যমে ওই ক্রিকেটারকে বেশ কয়েকজন যুবতীর ছবি দেখানো হয়। তারমধ্যে একজন যুবতীর সঙ্গে সময় কাটানোর নাম করে বাগুইআটি ৪৪ নং বাসস্ট্যান্ডে আসতে বলা হয় তাঁকে। এরপরে ওই ক্রিকেটারকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বাগুইআটি জগতপুরে নিয়ে আসা হয়। এরপরে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার নাম করে তার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ধৃতরা।
এই ঘটনার তদন্তে নেমে শনিবার বাগুইআটি ও সংলগ্ন অঞ্চল থেকে তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিস। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে। শুধু ক্রিকেটার নয় এরা অনেককে এইভাবে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে পুলিস সূত্রে খবর। ধৃতদের নাম শুভঙ্কর বিশ্বাস, ঋষব চন্দ্র, শিবা সিংহ।

