গতি বাড়াচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় সিত্রাং, ‘আলোর উৎসব’-এ পাল্লা দিচ্ছে মাইক ও শব্দবাজি!/ সুকুমার মিত্র
সুকুমার মিত্র : ‘মাগো কত রঙ্গ দেখবি বল’। মাইকে গান হচ্ছে। উদ্যোক্তারাও নিজেদের অজান্তেই নিষ্ঠুর এক সত্য গানের মধ্যে দিয়ে স্বীকার করে নিচ্ছেন বলেই মনে হল। প্রতিবেশী বাংলাদেশ ঘূর্ণিঝড়ে চুলোয় যাক। অতো সব ভাবার সময় নেই। কিন্তু এই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী তিনটি জেলার প্রায় এক কোটি বাসিন্দা ঘূর্ণিঝড় সিত্রাং-এর আশংকায় ভয়ে শিঁটিয়ে রয়েছেন। গ্রাম, মফস্বল এমনকী শহরাঞ্চলের দূর্বল ঘরবাড়িতে যাঁরা বসবাস করেন তাঁরাও বিধ্বংসী সিত্রাং, অতিভারী বৃষ্টি ও অমাবস্যার কটালের ত্রিফলার বিপদের মুখে দাঁড়িয়ে। ২৪ অক্টোবর, সোমবার এখন সন্ধ্যে সাতটা।

চারিদিকে মাইক ও শব্দবাজিতে দীপাবলী উদযাপন চলছে। বঙ্গোপসাগরে সিত্রাং যত গতি বাড়াচ্ছে মাইকের শব্দও যেন পাল্লা দিয়ে বাড়ছে। জানি না এই চেহারা কেবল বারাসত শহরাঞ্চলের না অন্যত্রও একই চেহারা। গতকাল থেকেই ফ্লাড শেল্টারে আশ্রয় নিতে শুরু করেছেন উপকূলবাসী। প্রশাসন থেকে সর্তকতা জারি করে তৎপরতার সঙ্গে সিত্রাং মোকাবিলায় নিরন্তর কাজ করে চলেছেন একদল সরকারি কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। পাশাপাশি রাজনৈতিক দলের নেতা, কর্মীদের সিত্রাং মোকাবিলা নিয়ে সক্রিয়তা তো দূরের কথা কোনও উদ্বেগ সোস্যাল মিডিয়ায় লক্ষ্যে করা গেল না।


বছরের আর পাঁচটা দিনের মত তাঁরা পরস্পর খিল্লি করছেন সংবাদ মাধ্যমের প্রচারে টিকে থাকার জন্য। আর তাঁদের সেই খিল্লি সোস্যাল মিডিয়ায় টেনে এনে চলছে চিরাচরিত প্রতিযোগিতা। তবে এঁদের মধ্যে যাঁরা একটু বুদ্ধিমান তাঁরা নিয়ম মাফিক আলোর উৎসব দীপাবলীর শুভেচ্ছো জানাচ্ছেন। তাঁদের শুভেচ্ছা বার্তায় উপকূলের মানুষ কতটা উজ্জীবিত হওয়ার মত পরিস্থিতিতে আছেন তা সম্ভবতঃ তাঁরা অনুমানও করতে পারেন না। গত চার দশকে বারবার প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত বাংলার উপকূলবর্তী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে অথবা ত্রাণের কাজে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছে তা থেকে বলতে পারি তাঁদের কাছে এই শুভেচ্ছা বার্তা রসিকতার নামান্তর।

দুর্ধষ বেপরোয়া বঙ্গোপসাগরের রুদ্রমূর্তির মুখে প্রাণ বাঁচানোর ফি বছরের সংগ্রামে বিধ্বস্ত উপকূলবর্তী জেলার বাসিন্দারা। তাতে কি হয়েছে? বছরের একটা দিন আমরা কি সব স্থগিত রাখব? বছরের একটা দিন তো ওই সব সহ-নাগরিকদেরও তা কিন্তু আমরা ভুলেই যাই।

চলুক সোস্যাল মিডিয়ায় খিল্লি আর অদ্ভুদ এক আঁধারের মুখে রাজনৈতিকদলগুলির নেতা, নেত্রীদের আলোর উৎসবের শুভেচ্ছা জ্ঞাপণ। সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ…

