দেশ 

নেহেরুর মতো মানুষকে নিয়ে কুৎসা ভরা মিথ্যা প্রচার সহ্য করা যায় না বলে কান্নায় ভেঙে পড়লেন মহাত্মা গান্ধীর পৌত্র ঐতিহাসিক রাজমোহন গান্ধী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সম্পর্কে ইদানিং নানা কুৎসামূলক প্রচার চলছে । এমনভাবে এই প্রচার চলছে যাতে মনে হবে ভারতের সব কিছুর জন্য নেহেরুই দায়ী । সব সংকটের নেপথ্যে রয়েছেন জওহরলাল নেহেরু । দেশজুড়ে এই ধরনের প্রচারে ব্যাথিত হয়েছেন মহাত্মা গান্ধীর পৌত্র তথা প্রখ্যাত ইতিহাসবিদ রাজমোহন গান্ধী ।

তাঁর মতে, জওহরলাল নেহরু একজন অসাধারণ মানুষ ছিলেন, মহান মানুষ ছিলেন। তাঁর আদর্শ নিয়ে কখনও প্রশ্ন তোলা উচিত নয়। কেউ তাঁর নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে পারে। কিন্তু যেভাবে তাঁকে নিয়ে ব্যক্তিগত কুৎসা করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, সেটা মেনে নেওয়া যায় না। একটি অনুষ্ঠানে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) সঙ্গে কথোপকথনের সময় রাজমোহন গান্ধী বলেন,”আপনারা নেহরুর নীতির বিরোধিতা করুন। কিন্তু নেহরুর মতো মহান ব্যক্তি নিয়ে কুৎসায় ভরা মিথ্যা রটনা করার মতো নিচে নেমে যাবেন না।” এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

রাজমোহন গান্ধীর মতে, এমনভাবে নেহরু, গান্ধীদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে যাতে ইতিহাস ভুলিয়ে দেওয়া যায়। তিনি বলেন,”আমেরিকার শ্বেতাঙ্গদের একটা বড় অংশ বিশ্বাস করেন যে ওবামা সেদেশের নাগরিক নন। তেমনি ভারতের অনেকে বিশ্বাস করেন মতিলাল নেহেরু মুসলিম। এমনভাবে মিথ্যাটা ছড়ানো হয়েছে। আর যদি সেটা হতও, তাতেও কাউকে শাস্তি দেওয়া বা মারধর করা যায় না।”

স্বাধীনতা সংগ্রামে নেহরুর অবদানকে স্মরণ করে রাজমোহন গান্ধী বলেন,”উনি ১৪ বছর জেলে থেকেছেন। টানা ১৪ বছর। ছাড়া পাওয়ার পরই তাঁর স্ত্রীর মৃত্যু হয়। আর সেই মানুষটা সম্পর্কে, সেই ভাল মানুষটা সম্পর্কে, সেই মহান মানুষটা সম্পর্কে এতটা মিথ্যাচার…। নেহরু হিমালয় পর্বত ভালবাসতেন। এভাবে চলতে থাকলে এরপর হিমালয়ও প্রতিবাদ করবে। গোটা পৃথিবী প্রতিবাদ করে উঠবে।” ফের কান্নায় ভেঙে পড়েন গান্ধীজির পৌত্র।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ