আফ্রিকায় ৬৬ শিশুর মৃত্যুর জন্য হরিয়ানার এক ঔষধ কোম্পানীর নির্মিত চারটি কাশির সিরাপকে দায়ী করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বাংলার জনরব ডেস্ক : আফ্রিকা গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার চারটি কাশির সিরাপ কে দায়ী করেছে। এ নিয়ে ওই সিরাপ গুলির নির্মাতা সংস্থাকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।বুধবার একটি নির্দেশিকা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, “দয়া করে এই ওষুধগুলি ব্যবহার করবেন না।”
প্রোমেথাজি়ন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাফ সিরাপ এবং মাগরিপ এন কোল্ড সিরাপ নামের চারটি কাশির সিরাপের সঙ্গে আফ্রিকার ওই শিশুমৃত্যুর ঘটনার যোগ রয়েছে বলে আশঙ্কা ‘হু’-এর। তাদের দাবি, যে ভারতীয় সংস্থা ওই ওষুধগুলি বাজারে এনেছে তারা এখনও ওষুধগুলির গুণমান ও সুরক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দেয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, “ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গিয়েছে, এই চারটি পণ্যের প্রতিটিতেই ডাইইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল নামের দূষক পদার্থের মাত্রা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি।” এই পদার্থগুলি নির্দিষ্ট মাত্রার থেকে বেশি পরিমাণে শরীরে ঢুকলে মারাত্মক অসুস্থ হয়ে যেতে পারে শিশুরা। দেখা দিতে পারে, পেটব্যথা, বমি, মূত্রত্যাগের সমস্যা ও কিডনির গুরুতর সমস্যা। হতে পারে মৃত্যুও, দাবি ‘হু’-এর।
গোটা বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে জানা গিয়েছে কেবল গ্যাম্বিয়াতেই ওষুধ রফতানি করেছে সংস্থাটি।

