কলকাতা 

ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ঈদ মিলন ও মাদ্রাসা শিক্ষা কনভেনশন’

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মাদ্রাসা শিক্ষকদের সংগঠন ওয়েস্টবেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বিধান নগরের ‘দিশা’ ভবনে  আয়োজিত হ’লো ‘ঈদ মিলন ও মাদ্রাসা শিক্ষা কনভেনশন।’ রাজ‍্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় দুই শতাধিক শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত কনভেনশনে সভাপতিত্ব করতে দেখা গেলো প্রাক্তন জাতীয় সাঁতারু, মাদ্রাসা শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা মনিরুল মোল্লাকে।

তৃণমূল কংগ্রেসের রাজ‍্যকমিটির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার শিক্ষকদের সামনে ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার সূচনা থেকে আধুনিক কালের মাদ্রাসায় পঠন-পাঠন পর্যন্ত প্রত‍্যেকটা বিষয়ে প্রাঞ্জল এবং তথ‍্যসমৃদ্ধ আলোকপাত করে শ্রোতাদের অভিভূত করে দিলেন। বিজেপি শাসিত রাজ‍্যগুলোতে মাদ্রাসা শিক্ষার উপর আক্রমণের তীব্র নিন্দা করে তিনি বিজেপির কু-চক্র সম্পর্কে সাবধানী হতে বলেন। নিজেও একসময় বিজেপির অংশ থাকায় তাদের অপপ্রয়াস সম্পর্কে নিজেকে সম্পূর্ণ অবগত বলে দাবী করে আগামীতে মাদ্রাসা শিক্ষার প্রসারে যেকোন প্রয়োজনে তিনি সোৎসাহে উপস্থিত থাকার আশ্বাস দিলেন। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এই বাগ্নী নেতার মাদ্রাসা শিক্ষা সম্পর্কে জ্ঞান এবং আগ্রহ যথেষ্ট বার্তাবহ বলে ওয়াকিবহাল মহল মনে করে। বিধায়ক হাজী নুরুল ইসলামের বক্তব্যে বারংবার ঐক্যের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান ফুটে ওঠে।

Advertisement

সংগঠণর সম্পাদক নুরুল সাহেব তাঁর বিস্তারিত বক্তব্যে সংগঠনের সূচনা থেকে বিভিন্ন ঘাত-প্রতিঘাত ডিঙিয়ে আজকের অবস্থায় এসে দাঁড়ানোর সংক্ষিপ্তসার তুলে ধরে শ্রোতাদের বহু অজানা বিষয়ে অবগত করলেন। শিখ ধর্মগুরু ইন্দ্রপীত সিং ইসলামী ঔদার্যের উপর আলোকপাত করে উপস্থিত শিক্ষকদের সুশিক্ষা প্রদানের মাধ্যমে উন্নত সমাজ গঠনের আহ্বান জানানোর আন্তরিকতা শ্রোতাদের মন ছুঁয়ে গেলো। শিক্ষক তাজামুল হোসেন তাঁর নাতিদীর্ঘ বক্তব্যে মাদ্রাসা আর ইসলামী শিক্ষার পীঠস্থান নেই, বরং সর্বধর্ম সমন্বয়ের তীর্থভূমি হয়ে উঠেছে বলে উল্লেখ করলেন।

মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করার মতো অনুষ্ঠান সঞ্চালনা করে পান্ডিত‍্যের ছাপ রাখলেন মামুন আক্তার। তাঁর রাজনীতি থেকে খেলাধুলা, শিক্ষা, ইতিহাস ইত্যাদি বিষয়ে জ্ঞানের গভীরতা আজকের অনুষ্ঠানের অন‍্যতম প্রাপ্তি বলাই যায়।

মাদ্রাসা শিক্ষা সম্পর্কে বিজেপির অপপ্রচার মিথ্যা প্রমাণ করার আহ্বান জানিয়ে সভাপতি মনিরুল মোল্লা সভার সমাপ্তি ঘোষণার পর সভাঘরে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের আপ্লুত ও মুগ্ধ দৃষ্টির সৌহার্দ্য বিনিময় দেখে মনে হলো ‘ঈদ মিলন’ আক্ষরিক অর্থেই শিক্ষক মিলনে পরিণত হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ