SSC: প্যানেলে নাম না থাকা সত্ত্বেও শিক্ষকতা চাকরিতে নিয়োগ, নেপথ্যে কারা? খুঁজে বের করতে সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
বাংলার জনরব ডেস্ক : প্যানেলে নাম ছিল না অথচ শিক্ষকতা চাকরিতে যোগ দিয়েছেন এই অভিযোগ সামনে আসার পর অন্য আরেকটি এসএসসির মামলায় আবারো সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক মাসের মধ্যে সিবিআইকে জানাতে হবে কিভাবে প্যানেলে নাম না থাকা সত্ত্বেও শিক্ষকতার চাকরি পেয়েছে। এর নেপথ্যে কারা রয়েছে তাও খুঁজে বের করতে সিবিআইকে দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এই নিয়োগে দুর্নীতির ছাতা কত দূর বিস্তৃত তা খুঁজে বার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিককে মাথায় রেখে এই মামলার অনুসন্ধান করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি। এ বিষয়ে এক মাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে একক বেঞ্চ।

মামলাকারীদের অভিযোগ ছিল, প্যানেলে নাম না থাকা সত্ত্বেও অনেকের নিয়োগ হয়েছে। কী ভাবে এই নিয়োগ হল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে আদালত। ২০১৯-এর ১ জানুয়ারিতে নিয়োগ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির নজরদারিতে নিয়োগপ্রক্রিয়া চলে। এ বার সেই কমিটির বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দিল আদালত। পনেরো দিনের মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে।
মামলার পরবর্তী শুনানি ২১ মার্চ।শিক্ষক নিয়োগে দুর্নীতিতে অন্য একটি মামলায় সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। আদালত নির্দেশ দিয়েছিল, এই দুর্নীতির পিছনে কোনও প্রভাবশালীর হাত রয়েছে কি না তা খুঁজে বের করুক সিবিআই। কোনও আর্থিক লেনদেন রয়েছে কি না তা-ও সিবিআইকে খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছে আদালত। এর পরই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।

