TMC : তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে রাজ্যজুড়ে বিভ্রান্তি তৈরি হয়েছে তার জন্য দায়ী নয় আইপ্যাক
বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে রাজ্যজুড়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার জন্য কোনভাবেই আই প্যাক দায়ী নই বলে জানিয়ে দিলো প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক।
সূত্রের খবর শনিবার সংস্থার পক্ষ থেকে নাকি দাবি করা হয়েছে, রাজ্যে পুরভোটের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। ওই পুরভোটের জন্য প্রকাশিত কোনও প্রার্থিতালিকার সঙ্গেই তারা জড়িত নয়। তবে সংস্থার তরফে সরকারি বা আনুষ্ঠানিক ভাবে কোনও দাবি ওই মর্মে করা হয়নি। সংস্থার কর্ণধার প্রশান্ত তাঁর ঘনিষ্ঠমহলে এমনটা জানিয়েছেন বলেই আইপ্যাকের বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে।

এই পরিস্থিতিতে কোন তালিকাটি চূড়ান্ত, তা নিয়ে খানিকটা হলেও সংশয় কাটার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এখনও বিভিন্ন জেলায় প্রার্থী নিয়ে ক্ষোভ-বিক্ষোভ রয়েছে।
১০৭টি পুরসভার (দার্জিলিং ছাড়া) নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশ করা হয় শুক্রবার বিকেলে। তৃণমূল নেতৃত্ব প্রায় হাজার তিন প্রার্থীর নাম সংবলিত পুস্তিকা দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘‘এই তালিকা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন করেছেন। সব জেলা সভাপতির কাছে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। নিজেদের জেলা থেকে তাঁরা সেগুলি জানিয়ে দেবেন।’’ তখন সেখানে ছিলেন তালিকা তৈরির কাজে মূল ভারপ্রাপ্ত দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ছিলেন ফিরহাদ (ববি) হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবারের সাংগঠনিক নির্বাচনের পরে মমতা জাতীয় কর্মসমিতিতে কাজ চালিয়ে যাওয়ার জন্য আপাতত এঁদের দায়িত্ব দিয়েছেন।
পরিস্থিতি ঘোরালো হয় তার পরেই। তৃণমূলের ‘অফিশিয়াল ফেসবুক পেজ’ এবং ‘মিডিয়া গ্রুপে’ বিশদ প্রার্থিতালিকা প্রকাশিত হয়। তার পরেই রাজ্যের নানা জায়গা থেকে বিক্ষোভ, অবরোধ, প্রতিবাদের খবর আসতে থাকে। একাধিক নেতা, মন্ত্রী, সাংসদ-বিধায়ক তাঁদের অসন্তোষের কথা জানাতে থাকেন দলের উপরতলায়। তখন আবার পার্থ ঘোষণা করেন, ‘‘এআইটিসি’র নেটমাধ্যমে প্রকাশিত ওই তালিকা ঠিক নয়। কারণ, সেগুলিতে নেতৃত্বের কোনও স্বাক্ষর নেই। স্বাক্ষর-সহ তালিকা প্রকাশ করা হচ্ছে।’’

