হঠাৎ চলে গেলেন দেশের নিরপেক্ষ স্বাধীন মতামত প্রকাশের নির্ভীক সাংবাদিক কামাল খান, শোকস্তব্ধ সাংবাদিক মহল
সেখ ইবাদুল ইসলাম : বিশিষ্ট সাংবাদিক কামাল খান চলে গেলেন।হিন্দি সাংবাদিকতায় কামাল খান কিংবদন্তি সাংবাদিক হিসেবে চিহ্নিত হবেন। সোজা কথা,সোজা ভাষায় তিনি বলতেন। উত্তরপ্রদেশের লখনৌ এর বাসিন্দা কামাল খান যুক্ত ছিলেন এনডিটিভির সঙ্গে। উত্তর প্রদেশের বর্তমান রাজনীতি সম্পর্কে গতকালই তিনি বিস্তারিত রিপোর্ট পেশ করেছিলেন এনডিটিভিতে। গতকাল রাতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে এই সাংবাদিকের মৃত্যু হয়।
সকালে হঠাৎ আমরা ফেসবুকে দেখলাম ড. আর্শি খান লিখেছেন কামাল খান চলে গেলেন। সঙ্গে সঙ্গে এনডিটিভি খোলার পরে দেখতে পেলাম কামাল খান এর স্মৃতির উদ্দেশ্যে বিবরণ চলছে। বিশিষ্ট সাংবাদিক এনডিটিভি কার্যকরী সম্পাদক রাবিশ কুমার কামাল খান সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন পেশ করছেন এবং নিজের মতামত ব্যক্ত করছেন।
আজকের গদি মিডিয়ার যুগে কামাল খান অন্য ধরনের সাংবাদিকতা করে গেলেন। যেকোনো খবরকে সহজ এবং প্রাঞ্জল ভাষায় দর্শকদের সামনে তুলে ধরতেন। তার মৃত্যুতে ভারত হারালো একজন নিরপেক্ষ বিশিষ্ট সাংবাদিককে, দেশ হারালো একজন সন্তানকে। দেশের সাধারণ মানুষ হারালো একজন যুক্তিবাদী স্পষ্টবাদী সাংবাদিককে। আমরা বাংলার জনরবের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করছি।

