সোমবার সকালে ত্রিপুরার ডিজিপির ঝুলন্ত দেহ উদ্ধার!
সোমবার সকালে ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকড় (Tripura DGP Anurag Dhankar) এর ঝুলন্ত দেহ উদ্ধার হল তার অফিস থেকে।
সূত্রের খবর, অনুরাগ ধনকড়কে সোমবার তাঁর অফিসেই ঝুলন্ত (Suicide) অবস্থায় দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে আগরতলার গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। হাসপাতালের চিকিৎসক প্রদীপ ভৌমিক জানিয়েছেন, দুপুর ১২টার সময় ধনকড়কে হাসপাতালে আনা হয়েছিল। তখন তাঁর নাড়ির স্পন্দন, রক্তচাপ বা জীবনের কোনও লক্ষণ ছিল না। চিকিৎসকেরা প্রায় ৪০ মিনিট সিপিআর চালিয়েও ফেরাতে পারেননি। দুপুর ১২টা ৪৮ মিনিটে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর সদর দফতর চত্বর ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন ত্রিপুরা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক। মৃত্যুর পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
অনুরাগ ধনকড় ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার এবং ত্রিপুরা ক্যাডারের সদস্য ছিলেন। চলতি বছর মে মাসে অমিতাভ রঞ্জনের উত্তরসূরি হিসেবে ত্রিপুরার ডিরেক্টর জেনারেল অব পুলিশ পদে দায়িত্ব নেন। তার আগে তিনি ত্রিপুরায় ডিরেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) হিসেবে কাজ করেছেন।
সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআইতেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ছিল। কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ তদন্তের দায়িত্ব সামলেছিলেন তিনি। পেশাদারিত্ব এবং দীর্ঘ পুলিশি অভিজ্ঞতার জন্য ধনকড় ত্রিপুরার অন্যতম প্রবীণ আইপিএস অফিসার হিসেবে পরিচিত ছিলেন।
রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকের আকস্মিক মৃত্যুতে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা মহলে শোকের ছায়া নেমে এসেছে।

