পঞ্চায়েত দফতর ১১ হাজার কর্মী নিয়োগ করবে পিএসসির মাধ্যমে জানালেন দিলীপ ঘোষ
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের পঞ্চায়েত দফতরে ১১ হাজার কর্মচারী নিয়োগ করা হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই। সোমবার এমনটাই জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তবে এ বার নিয়োগ হবে ভিন্ন পদ্ধতিতে। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে পঞ্চায়েতে নিয়োগের কথা জানিয়েছেন দিলীপ। এত দিন এই নিয়োগ হত জেলা স্তর থেকে। এ বার তা হবে কেন্দ্রীয় ভাবে।
সোমবার থেকে বিধানসভার বাদল অধিবেশ শুরু হয়েছে। বিধানসভায় নিজের ঘরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দিলীপ। নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কর্মীর অভাবে পঞ্চায়েতের কাজ করা যাচ্ছে না। পিএসসির মাধ্যমে ১১ হাজার লোক নেওয়া হবে পঞ্চায়েত দফতরে। ডিসেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার।’’ নতুন সরকার ক্ষমতায় এসে কেন্দ্রীয় ভাবে পঞ্চায়েতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, জানিয়েছেন দিলীপ।
এত দিন পঞ্চায়েত দফতরে নিয়োগ হত পঞ্চায়েত আইনের মাধ্যমে। এ বার তা পিএসসির হাতে তুলে দিতে চায় রাজ্য সরকার। তবে এটি স্বশাসিত সংস্থা। তাই তাদের হাতে নিয়োগ প্রক্রিয়ার ভার দিতে হলে আইন সংশোধন করা প্রয়োজন। দিলীপ জানান, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এক লক্ষ কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন তিনি। সেই কথা মতোই পঞ্চায়েতে নিয়োগ শুরু হচ্ছে।

