বিধানসভার বিরোধী দলনেতা পদ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট,২৮ জুলাই পরবর্তী শুনানি
বিধানসভার বিরোধী দলনেতার পদ সংক্রান্ত মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই থাকছেন বিরোধী দলনেতার পদে। স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্তই আপাতত বহাল থাকছে। স্পিকারের সিদ্ধান্তের উপর বৃহস্পতিবার কোনও হস্তক্ষেপ করল না আদালত। হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাও জানিয়েছেন, আগামী ২৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
বিধানসভা ভোটে ভরাডুবির পরে তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন দেখা দিয়েছে। ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন তৃণমূলের অধিকাংশ বিধায়ক। দলীয় নেতৃত্বের তরফে পরিষদীয় দলনেতা হিসাবে বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল। তবে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ৫৮ জন বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা হন ঋতব্রত। তার আগেই ‘দলবিরোধী কাজের’ অভিযোগে ১ জুন তৃণমূল নেতৃত্ব ঋতব্রতকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়।

