কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা!
প্রচন্ড গরম থেকে সামান্য স্বস্তি পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে সাময়িক ভাবে তাপমাত্রা কমবে। তবে গরমে স্থায়ী স্বস্তির সম্ভাবনা এখনই নেই।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ১.৫ কিলোমিটার। এ ছাড়া, পশ্চিম বিহার এবং আশপাশের এলাকার উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সমগ্র উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে।

বুধবার বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং হুগলিতে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। শুক্রবার এই জেলাগুলির পাশাপাশি ঝড়বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, পুরুলিয়াতেও। শুক্রবার পর্যন্ত এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম।

