হিজলিতে পুড়ে ছাই অস্থায়ী দোকান! সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীরা
শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড খেজুরিতে। পুড়ে ছাই সমুদ্র সৈকতের ধারে থাকা ৩০-৪০টি অস্থায়ী দোকান। রাত এগারোটা নাগাদ আগুন লাগে। হিজলি মসনদ-ই-আলা সংলগ্ন পিকনিক স্পটে অস্থায়ী দোকানগুলিতে আগুন লাগে। দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিজেপির গুন্ডারা এই কাজ করেছে। বিজেপি জানিয়েছে, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন। ঘটনায় কেউ যুক্ত থাকলে রং না দেখে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাত নাগাদ সমুদ্র সৈকতের ধারে অস্থায়ী দোকানগুলিতে আগুন লাগে। তা দ্রুত ভয়ঙ্কর আকার নেয়। একের পর এক জ্বলতে থাকে দোকানগুলি। সমুদ্রের ঝোড়ে হাওয়ায় তা আরও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ দিন সকালে ঘটনাস্থলে যান খেজুরির বিজেপি বিধায়ক সুব্রত পাইক। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

অগ্নিকাণ্ডে লেগেছে রাজনৈতিক রং। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ করেন, বিজেপির গুন্ডারা আগুন লাগিয়েছে। খেজুরির বিজেপি বিধায়ক সুব্রত পাইক বলেন, “আমি সরেজমিনে দেখেছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।” অভিষেকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “এ রকম কাজ বিজেপি করে না। আমরা পুলিশের কাছে আবেদন করেছি ঘটনার তদন্ত করে কেউ যুক্ত থাকলে রং না দেখে ব্যবস্থা নিতে। যারাই দোষী হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনও রেয়াত করা যাবে না।”

