গাছ কাটব না—এই হোক আজকের শপথ: বিশ্ব বসুন্ধরা দিবসে বিজ্ঞানী শুভময় দাসের আহ্বান
বিশেষ প্রতিনিধি : “গাছ লাগাতে হবে—এই তত্ত্বে আমি বিশ্বাসী নই, বরং আমরা গাছ কাটব না—এই প্রতিজ্ঞাই আমাদের নেওয়া উচিত।” বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে আয়োজিত এক সান্ধ্য অনলাইন আসরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে এই তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন বিশিষ্ট বিজ্ঞানী ড. শুভময় দাস।
সোমবার, ২২শে এপ্রিল ‘অনুসন্ধান সোসাইটি’ এবং ‘বেস এডুকেশনাল হাব-এর যৌথ উদ্যোগে পড়ুয়াদের জন্য একটি বিশেষ অনলাইন গল্পের আসরের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মূল বিষয় ছিল— ‘ধরিত্রী রক্ষায় চড়ুই পাখি: এক ছোট্ট জীবনের বৃহৎ লড়াই’। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য উৎসুক ছাত্র-ছাত্রী এই ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করে।

প্রধান বক্তা ডক্টর দাস গল্পের ছলে ও স্লাইড প্রদর্শনের মাধ্যমে চড়ুই পাখির জীবনবৃত্তান্ত এবং বাস্তুতন্ত্রে তাদের অপরিসীম গুরুত্ব সুন্দরভাবে তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন যে, বনাঞ্চল মানুষের সৃষ্টি নয়, তাই প্রকৃতির দেওয়া এই সম্পদ নষ্ট করার অধিকারও আমাদের নেই। ধরিত্রীকে সুন্দর রাখার প্রাথমিক শর্তই হলো বিদ্যমান সবুজকে বাঁচিয়ে রাখা।
চড়ুইয়ের মতো এক ক্ষুদ্র প্রাণীর বেঁচে থাকার লড়াই কীভাবে ধরিত্রী রক্ষার বৃহত্তর বার্তার সঙ্গে মিশে আছে, ডক্টর দাসের সাবলীল উপস্থাপনায় তা উপস্থিত খুদে পড়ুয়াদের বিশেষভাবে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানের শেষে পরিবেশ রক্ষায় ছাত্র-ছাত্রীদের সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনার শুরুতে সূচনা সংগীত পরিবেশন করে ক্লাস সেভেনের ছাত্র ময়ূখ ঘোষ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাফিসা ইসমাত। বেস আন-নূর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক খাদেমুল ইসলাম এ ধরনের একটি সুন্দর গল্প বলার আসর আয়োজনের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

