মোদি সরকারের কৌশলগত ভুলে ভারতের জ্বালানি সরবরাহ হুমকির মুখে
বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI)-এর জাতীয় সম্পাদিকা সাদিয়া সায়েদা দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকটের জন্য মোদি সরকারকে দায়ী করেছেন, যা ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ পরিবার, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এবং রেস্তরাঁ এবং হোটেল ব্যবসাকে (হসপিটালিটি) বিপর্যস্ত করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সাম্প্রতিক ইসরায়েল সফর এবং বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষরের ফলে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের উপর টানাপোড়ন সৃষ্টি হয়েছে। তাঁর মতে, এই নীতিগত পরিবর্তন ভারতের কূটনৈতিক ভারসাম্যকে দুর্বল করেছে এবং পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার সময়ে দেশের জ্বালানি স্বার্থ রক্ষার সক্ষমতাকে বিপন্ন করেছে।
সাদিয়া সায়েদা আরও বলেন, ইরানে স্কুলশিশুদের হত্যাকাণ্ড এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইসহ ইরানের বরিষ্ঠ নেতাদের লক্ষ্য করে চালানো হত্যাকাণ্ড নিয়ে সরকারের নীরবতা ভারতের পররাষ্ট্রনীতির সেই ন্যায়বিচার ও নিরপেক্ষতার নীতি থেকে একটি উদ্বেগজনক বিচ্যুতি নির্দেশ করে, যা একসময় ভারতের কূটনীতিকে পরিচালিত করত। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ইতোমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচলের বিষয়ে আশ্বাস পেয়েছে, কিন্তু ভারত এখনো পর্যন্ত কোনো নিশ্চিত গ্যারান্টি অর্জন করতে পারেনি। এর ফলে তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার সময়ে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথগুলো ঝুঁকির মুখে পড়েছে।

তিনি বলেন, এর পরিণতি ইতোমধ্যেই দৃশ্যমান—এলপিজি ঘাটতি, আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা, দীর্ঘ লাইন এবং বিভিন্ন এলাকায় রেস্তোরাঁ ও ছোট খাবারের দোকান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায়। সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI) সরকারের কাছে অবিলম্বে তাদের পররাষ্ট্রনীতি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে, যাতে ভারতের জ্বালানি নিরাপত্তা সুরক্ষিত হয় এবং সাধারণ মানুষের জীবিকা এমন কোনো ভূরাজনৈতিক অবস্থানের কারণে বিপন্ন না হয়, যা দেশকে কৌশলগতভাবে দুর্বল করে দেয়।

