লর্ডসের মোড়ের কাছে বাজারে আগুন !
বিশেষ প্রতিনিধি : দক্ষিণ কলকাতায় লর্ডস মোড়ের কাছে একটি বাজারে বুধবার দুপুরে আগুন লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। লর্ডস মোড়ের পিছনের দিকে একটি বাজার রয়েছে। সেখানেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তবে আগুনের উৎস এখনও স্পষ্ট নয়। বাজারের ভিতরে ঝুপড়ি এলাকা থেকে কালো ধোঁয়া বার হতে দেখা গিয়েছে।
প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলেও। শুরুতে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছয় দুর্ঘটনাস্থলে। পরে আরও ৬টি ইঞ্জিন যায়। আপাতত দমকলের ১৬টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। যাদবপুর থানা থেকেও পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।

বাজার এলাকা হওয়ায় সেখানে অনেকগুলি ছোট ছোট ঝুপড়ি দোকান রয়েছে। সেখানে কিছু দাহ্য বস্তু থাকারও সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। সম্ভবত দোকানগুলিতে রাখা গ্যাস সিলিন্ডারগুলি বিস্ফোরণ হয়েছে।

