দেশ 

হরিয়ানা বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানালো বিজেপি, হারার ভয় থেকেই এই দাবি কটাক্ষ কংগ্রেসের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : জাতীয় নির্বাচন কমিশন হরিয়ানায় বিধানসভা নির্বাচন ১ অক্টোবর করার কথা ঘোষণা করেছিল। নির্বাচন হবে সম্পূর্ণ এক দফায় এবং পয়লা অক্টোবর হবে। কত ১৬ ই আগস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই ঘোষণা করেছিলেন। হঠাৎ শুধুমাত্র দুটি রাজ্যের বিধানসভা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের সমালোচনা করেছিল বিরোধীরা। কারণ সময় অনুসারে জম্মু-কাশ্মীর বাদ দিলে তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে হওয়ার কথা। ঝাড়খন্ড হরিয়ানা এবং মহারাষ্ট্র। ঝাড়খন্ড ও মহারাষ্ট্র বাদে কেন শুধুমাত্র হরিয়ানা বিধানসভার নির্বাচনের দিন তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন তা নিয়ে সমালোচনা কম হয়নি।

কিন্তু এবার দেখা যাচ্ছে খোদ হরিয়ানার শাসক দল বিজেপি  অনুরোধ করেছেন নির্বাচন কমিশনের কাছে যে হরিয়ানা বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বড়োরি নির্বাচন কমিশনকে চিঠি লিখে ভোটের তারিখ বদলের দাবি জানিয়েছেন।

বিজেপির রাজ্য সভাপতি চিঠিতে লিখেছেন, ২৮ ও ২৯ সেপ্টেম্বর শনি ও রবিবার। মাঝে একটা দিন বাদ দিয়েই ১ অক্টোবর রাজ্যের ভোটের জন্য ছুটি থাকবে। আবার ২ অক্টোবর গান্ধী জয়ন্তী এবং ৩ অক্টোবর অগ্রসেন জয়ন্তীর ছুটি রয়েছে। এত লম্বা ছুটিতে ভোটাররা বাইরে বেড়াতে চলে যেতে পারে। সেক্ষেত্রে ভোট কম পড়বে বলে চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন মোহনলাল।

এদিকে, ভোটের দিন বদলের জন্য নির্বাচন কমিশনের কাছে বিজেপির এই চিঠি নিয়ে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। তাদের প্রশ্ন, ভোট ঘোষণার ১৫ দিন পরে বিজেপির মনে হল যে লম্বা ছুটি পড়ছে। আগে তারা সেটা দেখেনি! কংগ্রেসের দাবি, হরিয়ানায় বিজেপির পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি ভোটের দিন পাল্টাতে চাইছে।

শুধু বিজেপিই নয়, অখিল ভারতীয় বিষ্ণোই মহাসভাও মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি লিখে ভোটের দিন বদলের দাবি জানিয়েছে। ‌১ অক্টোবর রাজস্থানের বিকানেরে বড় মেলা হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিষ্ণোই সম্প্রদায়ের মানুষজন হাজির হন। তাই ভোটের দিন পাল্টানোর দাবি তাদের। আবার মোহনলালের চিঠিতেও এই মেলার উল্লেখ রয়েছে। তিনি বলেছেন, হরিয়ানায় বিষ্ণোই সম্প্রদায়ের বহু মানুষ রয়েছে। যারা রাজস্থানের মুকাম ধামের অসৌজ-র মেলায় যান, যা বিষ্ণোই সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান।

কংগ্রেস অবশ্য নির্বাচনের দিন বদলের সমস্ত দাবিকেই বিজেপির কৌশল বলেই মনে করছে। কংগ্রেসের দাবি, বিজেপি নিজেদের ভোটের দিন পালটানোর দাবিকে পোক্ত করতেই বিভিন্ন সংগঠনকে দিয়েও কমিশনের কাছে একই দাবির চিঠি পাঠাচ্ছে। এতদিন ধরে বিজেপি বিরোধী দল গলোকে আক্রমণ করত নির্বাচন নিয়ে। কালের নিয়মে এখন বিজেপি দাবি করছে নির্বাচন পিছিয়ে দেওয়া হোক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ