জেলা 

‘আগামী ১০০ বছরেও আরেকটা মমতা ব্যানার্জির জন্ম হবে না, আমরা ভুল করে থাকলে আমাদেরকে বকবেন, শাসন করবেন,কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না’, হাবরায় দলীয় সভায় বললেন স্থানীয় বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

শেয়ার করুন

“মমতা ব্যানার্জী একটি ইনস্টিটিউশনের নাম। মমতা ব্যানার্জী একটি শতাব্দীর নাম। আগামী ১০০ বছরেও এরকম আর মমতা ব্যানার্জী জন্মাবে না। ভাবতে পারছেন, মমতা ব্যানার্জীর মস্তিষ্কপ্রসূত এক একটি প্রকল্প আজ সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি মমতা ব্যানার্জীর দুয়ারে সরকার প্রকল্পের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিশেষ পুরস্কারও পেয়েছে। পঞ্চায়েত স্তরে আমাদের দলের নেতা নেত্রীরা যদি কোন অন্যায় করে থাকি আমি জ্যোতিপ্রিয় মল্লিক আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদের অভিভাবক। কিছু ভুল কাজ করলে বকবেন, শাসন করবেন। তবে একটা অনুরোধ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না। সরকারি প্রকল্পের যদি কোন কাজ আপনাদের থেকে থাকে আপনারা পঞ্চায়েত প্রধানের কাছে যান। যদি ওখানেও কাজ না হয় আপনারা আমাকে ফোন করবেন। আপনাদের কাজ করবো বলেই আপনারা আমাকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছেন। আর বিজেপি একটি ধ্বংসাত্বক দল। ওরা চাইছে এই সোনার বাংলাকে ধ্বংস করতে। ওরা যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের উন্নয়ন দিয়ে সাজানো পঞ্চায়েতগুলি পুরোপুরি ধ্বংস করে দেবে।

গতকাল এখানে অন্য জায়গা থেকে ৫০০ লোক নিয়ে একটি মিটিং করেছিল বিজেপির দিলীপ ঘোষ। আজ মাত্র ১২ ঘন্টার নোটিশে আমরা এখানে সভা করলাম ৩০০০ লোক নিয়ে। বুথ স্তরে আমাদের সংগঠন মজবুত। আর ওদের বুথে কোন লোকই নেই। গতকাল দিলীপবাবু এখান থেকে সভা করে চাকলা লোকনাথ বাবার মন্দিরে পূজো দিতে গিয়েছিলেন। ওই মন্দিরের প্রধান পুরোহিত দিলীপবাবুকে বলেন মমতা ব্যানার্জী এই মন্দির সহ সলগ্ন এলাকা উন্নয়ন দিয়ে ঢেলে সাজিয়েছেন। ওই পুরোহিতের কথা প্রসঙ্গে দিলীপবাবু্ও একবাক্যে স্বীকার করেন মমতা ব্যানার্জী এরাজ্যে ঢেলে উন্নয়নের কাজ করছেন। কিন্তু তিনি লোক সমাজে বলতে পারছেন না বিজেপির ভয়ে। যদি তিনি মমতা ব্যানার্জীর উন্নয়নের কথা বলেন তাহলে যেটুকু বিজেপি তাকে সাংগঠনিক পদ দিয়েছিল সেটাও চলে যাবে। এরাজ্যের মানুষেরা মমতা ব্যানার্জীর সঙ্গে আছেন।

তাই তো উন্নয়নকে একমাত্র হাতিয়ার করেই আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে আমরাই জিতবো”। রবিবার বিকালে হাবরার পৃথিবার বদরহাট এলাকায় বিজেপির মিথ্যাচার, কেন্দ্রীয় সরকারের মানুষ মারা নীতির প্রতিবাদে এক প্রতিবাদ সভায় এসে এরকমই মন্তব্য করলেন হাবরার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ