কর্নাটকের সবচেয়ে পুরনো স্বর্ণখনির খনন কাজ শুরু করতে চলেছে কেন্দ্র, হাজার হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা
বাংলার জনরব ডেস্ক: বেঙ্গালুরু (Bengaluru) থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত দেশের সবচেয়ে পুরনো স্বর্ণখনি (Gold mines)। এবার সেখানেই খননকার্য চালাবে কেন্দ্র।
কর্নাটকের ওই খনি ২০ বছরেরও বেশি সময়ের জন্য বন্ধ। মনে করা হচ্ছে এখানে ২.১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের সোনা মিলতে পারে। ভারতীয় অঙ্কে যা ১৭৩৭৭ কোটি ৩৬ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা। নতুন প্রযুক্তি ব্যবহার করে সেই সোনা উত্তোলন করতে চাইছে কেন্দ্র। এমনকী অতীতে খনন করা হয়ে যাওয়ার পর পরে থাকা অবশিষ্ট থেকেও বর্তমানে সোনা নিষ্কাশন সম্ভব বলেই দাবি। নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, কেবল সোনা নয়, এর পাশাপাশি প্যালাডিয়ামও উত্তোলন করতে চাইছে কেন্দ্র। তিনি জানিয়েছেন, ”আমাদের লক্ষ্যই হল ওখানে থাকা প্রক্রিয়াজাত আকরিক থেকেও সোনা তুলে এনে যতটা সম্ভব আর্থিক লাভ করা।” তাঁর আরও দাবি, এবার থেকে সরকার প্রতি মাসেই খননের জন্য নিলাম ডাকবে।
তাঁর কথায়, ”আমাদের একমাত্র বাধা হল বিদেশি সংস্থাগুলিরই কাছে একমাত্র এই ধরনের সোনা উত্তোলনের প্রযুক্তি আছে। তবে বিদেশি সংস্থাগুলি স্থানীয় সংস্থাদের সঙ্গে জোট বেঁধে এই কাজ করতেই পারে।” তবে এই প্রসঙ্গে সরকারি ভাবে খনি মন্ত্রক কোনও মন্তব্য করেনি।

