স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে নার্সকে গণধর্ষণ ছত্তিশগড়ে, এক নাবালক সহ গ্রেফতার তিন
বাংলার জনরব ডেস্ক : স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে নার্সকে গণধর্ষণ করার অভিযোগ উঠল ছত্তিশগড়ে । এই ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন আবার নাবালক। এদিকে স্বাস্থ্যকেন্দ্রের উপযুক্ত নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন স্বাস্থ্যকর্মীরা।ছত্তিশগড়ের মহেন্দ্রগড় জেলার ছিপাছিপি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন ওই তরুণী। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে তরুণীকে স্বাস্থ্যকেন্দ্রে একা কাজ করছিলেন তিনি। সেই সুযোগে তিন অভিযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে পড়ে। নার্সকে বেঁধে, মুখে কাপড় গুজে তাঁর উপর নারকীয় অত্যাচার চালান হয়। এমনকী, পুরো বিষয়টি ভিডিও করা হয়।
শারীরিক অত্যাচারের কথা পুলিশকে জানানো হলে তরুণীকে খুনের হুমকিও দেওয়া হয়।তবে সেই হুমকিতে ভয় পাননি নির্যাতিতা। তৎক্ষণাৎ ফোন করে পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানান নির্যাতিতা। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন আবার নাবালক। ১৭ বছরের ওই কিশোর-সহ সকলকে আদালতে তোলা হয়েছে।

এদিকে এই ঘটনার পরই স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি উঠছে। স্বাস্থ্যকর্মীদের দাবি, “আমাদের নিরাপত্তা চাই। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে আমরা কাজ করব না।” এদিকে ছত্তিশগড়ের ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

