দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে সিবিআইয়ের তলব, গ্রেফতার হবেন আশংকা আপের,‘‘জেলের গরাদ ভগৎ সিংহের দৃঢ় সংকল্পকে টলাতে পারেনি। এটা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ। মণীশ এবং সত্যেন্দ্র (জৈন) আজকের ভগৎ সিংহ’’ দাবি কেজরিওয়ালের
বাংলার জনরব ডেস্ক : সোমবার সিবিআই তলব করেছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে । ওইদিনেই তাঁকে গ্রেফতার করা হবে। এই অভিযোগ করেছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ । তিনি বলেন,আসন্ন গুজরাত ভোটের কথা ভেবেই সিসৌদিয়াকে গ্রেফতার করার ছক কষেছে মোদী সরকার। তাঁর কটাক্ষ, আপের ভয়ে কাঁপছে বিজেপি!প্রসঙ্গত, দিল্লির আবগারি-কাণ্ডে সোমবার সকাল ১১টায় সিসৌদিয়াকে ডেকে পাঠিয়েছে সিবিআই।
তবে এই সমন নিয়ে কটাক্ষ করেছেন স্বয়ং সিসৌদিয়াও। তিনি এদিন টুইটে লিখেছেন, এর আগে সিবিআই অভিযানে কিছুই পাওয়া যায়নি। তবুও তলব। আমরা তদন্তকারী সংস্থাকে সমস্ত রকম সহযোগিতা করতে দায়বদ্ধ। তিনি আরও লিখেছেন, ‘‘সিবিআই আমার বাড়িতে ১৪ ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে। কিন্তু কিছুই পায়নি। ওরা আমার ব্যাঙ্কের লকারও খুলে খুঁজে দেখেছে। সেখানেও কিছু পায়নি। এমনকি আমার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েও কিছু পায়নি। এ বার আমাকে সিবিআইয়ের সদর দফতরে সোমবার সকাল ১১টায় হাজির হতে বলেছে। আমি যাব এবং আমাদের সমস্ত সহযোগিতা পাবে তদন্তকারী সংস্থা।’’
আপের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও প্রত্যাশিত ভাবেই সিসৌদিয়ার পাশে দাঁড়িয়েছেন। তিনি সিসৌদিয়ার টুইটকে রিটুইট করে লেখেন, ‘‘জেলের গরাদ ভগৎ সিংহের দৃঢ় সংকল্পকে টলাতে পারেনি। এটা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ। মণীশ এবং সত্যেন্দ্র (জৈন) আজকের ভগৎ সিংহ।’’
আবগারি মামলায় গত মাসেই সিসৌদিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত বিজয় নায়ারকে গ্রেফতার করেছে সিবিআই। যদিও শুরু থেকেই আপ দাবি করে এসেছে, আবগারি কেলেঙ্কারি বলে যে ঘটনা নিয়ে ‘গুজব’ ছড়াচ্ছে বিজেপি, তাতে আসলে কোনও দুর্নীতিই হয়নি। আসন্ন গুজরাত ভোটে ক্ষমতা দখল করতে চলেছে আপ, তাই মরিয়া হয়ে আপকে ঠেকানোর পথ খুঁজছে বিজেপি। নরেন্দ্র মোদী নিজে সিবিআইকে দিয়ে আপ নেতাদের হেনস্থা করাচ্ছেন। আপ নেতা সৌরভ বলেন, ‘‘বিজেপি আসলে আপের ভয়ে কাঁপছে। গুজরাতে যে বিশাল হার তাদের জন্য অপেক্ষা করছে, তা ক্রমশ বুঝতে পারছে বিজেপি। তবে এ সব করে আপকে ঠেকানো যায় না।’’

