তেসরা ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ঘোষণা মমতার
বাংলার জনরব ডেস্ক: আগামী তেসরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একথা ঘোষণা করেছেন। প্রায়ই দুই বছর পর স্কুলের স্বাভাবিক পঠন-পাঠন শুরু হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
গতবছর দুবার স্কুল খুললেও তা খুব একটা স্থায়ী হয়নি মাস দুয়েকের মধ্যেই করোনার প্রভাব বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্কুল বন্ধ করে দিতে হয়।

এছাড়াও একাধিক ক্ষেত্রে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই শিথিল করা হয়েছে বিধিনিষেধ। সেই থেকেই স্কুল-কলেজ খোলার দাবিতে সরব হয়েছিল সবমহল।
রাজ্যের তরফে বারবার জানানো হয়েছিল, পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুল খোলার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, ৩ তারিখ থেকে রাজ্যে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে হবে ক্লাস। কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক-সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও নিয়ম একই।
পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের পড়াশোনা চলবে ‘পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে’। স্কুল বন্ধ থাকায় সরস্বতী পুজো আদৌ হবে কি না, তা নিয়ে সংশয়ে ছিল পড়ুয়ারা। এদিনের ঘোষণায় খুশি পড়ুয়ারা। তবে প্রত্যেককে কঠোরভাবে মানতে হবে করোনাবিধি।

