বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে ফের ধাক্কা খেল কংগ্রেস, দল ছাড়লেন প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং
বাংলার জনরব ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের ধাক্কা খেল কংগ্রেস। সোনিয়া-রাহুলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা হেভিওয়েট নেতা আরপিএন সিং।
কুশিনগরের রাজ পরিবারের সদস্য আরপিএন সিং। তাঁর পরিবার কংগ্রেসের অনুগত বলেই পরিচিত। এমনকী, তাঁর বাবা সিপিএন সিং উত্তরপ্রদেশের দীর্ঘদিনের বিধায়ক। মনমোহন সিংয়ের মন্ত্রিসভার সদস্যও ছিলেন তিনি। ইউপিএ টু-তে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন আরপিএন সিং। কিন্তু পরবর্তী সময় বিজেপির কাছে হেরেছিলেন তিনি। এর পর থেকেই দূরত্ব বাড়ছিল গান্ধী পরিবারের সঙ্গে। পর্যবেক্ষক হিসেবে ঝাড়খণ্ডের দায়িত্ব পেয়েছিলেন আরপিএন সিং। তার পরেও বারবার দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। যোগ দিয়েছিলেন জি-২৩ গ্রুপে। এবার দল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। আজ মঙ্গলবার সকালে সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানান। দলে কাজ করার সুযোগ দেওয়ার সোনিয়াকে তিনি ধন্যবাদও জানিয়েছেন। এর পরই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, নতুন যুগের সূচনা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে দেশের জন্য নতুন করে কাজ করতে চাই। তার পরই দলবদল করলেন তিনি।


