Covid – 19: গঙ্গাসাগর মেলা হলে সংক্রমণ আরো বাড়বে, তাই মেলা বন্ধ করা হোক কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক চিকিৎসক
বাংলার জনরব ডেস্ক : করোনার সংক্রমণ বেড়ে চলেছে এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা হলে সংক্রমণ আরো বাড়বে তাই এ বছরের মতো গঙ্গাসাগর মেলা বন্ধ করা হোক এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক চিকিৎসক। ওই চিকিৎসকের নাম অভিনন্দন মন্ডল। আগামী পরশু দিন অর্থাৎ বুধবার ৫ জানুয়ারি এই মামলার শুনানি প্রধান বিচারপতির এজলাস হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করার আবেদন করা হয়েছে প্রধান বিচারপতির এজলাসে।
সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই চিকিৎসক গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) বন্ধ করার আবেদন জানান। তাঁর দাবি, রাজ্য সরকারের তরফে জানানো হয়, এই মেলায় বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত হয়ে থাকেন। ৩০ লক্ষের বেশি জনসমাগম হয়ে থাকে। ফলে এমন জনসমুদ্রে দূরত্ববিধি-সহ অন্যান্য কোভিড প্রোটোকল মানা সম্ভব নয়।

একই পরিমাণ ভিড় হলে আরও বাড়বে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। ফলে ভেঙে পড়তে পারে চিকিৎসা পরিষেবা। এই বিপুল পরিমাণ মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। কারণ লাগাতার পরিষেবা দিতে দিয়ে চিকিৎসকরাও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন। তাই অভিনন্দন মণ্ডলের আরজি, অতিমারীর ভয়াবহতার কথা মাথায় রেখে এবারের মতো গঙ্গাসাগর মেলা বন্ধ রাখা হোক।
উল্লেখ্য, গত বছরও অতিমারী আবহে (Corona Pandemic) গঙ্গাসাগর মেলা বন্ধের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। সেই সময় হাই কোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছিল ই-স্নানের বিষয়টি। অর্থাৎ অনলাইনেই বুক করা যাচ্ছিল পবিত্র গঙ্গা জল। যা বাড়ি বসেই হাতে পেয়ে যাচ্ছিলেন ভক্তরা। এবার জনস্বার্থ মামলা দায়ের হওয়ার পর হাই কোর্ট (Calcutta High Court) ফের ই-স্নানকে গুরুত্ব দেয় কি না, সেদিকে নজর থাকবে।

