‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ – কন্যাসন্তানের অধিকার নিয়ে সচেতনতায় মুখর নির্মাণ আদর্শ বিদ্যাপীঠ
এস রোজলিন : কলকাতা: কন্যাসন্তানের সুরক্ষা, অধিকার এবং উচ্চশিক্ষার প্রসার ঘটাতে নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের প্রাঙ্গণে অত্যন্ত সাড়ম্বরে উদযাপিত হলো ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ শীর্ষক এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচিটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্বোধনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর মূল অনুষ্ঠান সূচি অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী কন্যাসন্তানের গুরুত্ব ও নারীশিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন। শিক্ষক-শিক্ষিকারা তাঁদের বক্তৃতায় কন্যাভ্রূণ হত্যা রোধ, এবং সমাজের প্রতিটি স্তরে মেয়েদের সমান অধিকার ও স্বনির্ভরতা প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেন। অভিভাবকদেরও মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানের অন্যতম প্রধান ও তাৎপর্যপূর্ণ অংশ ছিল ‘শপথ গ্রহণ’ কর্মসূচি। শিক্ষক-শিক্ষিকামণ্ডলীর পরিচালনায় বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং উপস্থিত অভিভাবকেরা কন্যাসন্তানের সুরক্ষা, সম্মান রক্ষা এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করে সমবেতভাবে শপথ বাক্য পাঠ করেন।
অনুষ্ঠানের শেষে প্রধান শিক্ষক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। বিদ্যালয়ের এই সচেতনতামূলক উদ্যোগ স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর কাছে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

