কলকাতায় ফের আগুন! এবার মল্লিক বাজারে কাপড়ের গুদামে
কলকাতায় ফের আগুন। এ বার মল্লিকবাজারে একটি কাপড়ের গুদামে আগুন লাগল। আগুন নিয়ন্ত্রণে আনতে আপাতত দমকলবাহিনী ঘটনাস্থলে রয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
জানা গিয়েছে, ৩৫, এজেসি বোস রোডে একটি বাড়িতে গুদামটি ছিল। বুধবার বেলার দিকে সেখানে আগুন লাগে। গুদাম কাপড়বোঝাই থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের নজরে আসতে তাঁরাই প্রথমে আগুন নেবানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলকে। খবর পাওয়ামাত্রই দমকলের ইঞ্জিন পর পর পৌঁছোতে শুরু করে ঘটনাস্থলে। আগুনের তীব্রতা বেশি থাকায়, তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।
কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকেরা জানাচ্ছেন, নিয়ন্ত্রণে আনার পরই আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে। ওই গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, সেটাও দেখবেন তাঁরা। সেইমতো পরবর্তী পদক্ষেপ করা হবে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

