কলকাতা 

আবার বিতর্কে ব্রাত্য বসু, এবার বাংলা অকাদেমিতে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ

শেয়ার করুন

এস রোজলিন,কলকাতা:একের পর এক অভিযোগে ফের শিরোনামে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যৌন হেনস্থা, ধর্ষণের অভিযোগের পর এবার তাঁর বিরুদ্ধে উঠল প্রাতিষ্ঠানিক দুর্নীতির গুরুতর অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার গঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশন।

বিশেষ সূত্রে খবর, কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশনে জমা পড়েছে এই অভিযোগ। তাতে দাবি করা হয়েছে, বাংলা অকাদেমির চেয়ারম্যান পদে থাকাকালীন ব্রাত্য বসু বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অকাদেমির তরফে দেওয়া বিভিন্ন পুরস্কার থেকে শুরু করে বই ছাপানোর ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জানা গিয়েছে, অভিযোগের সঙ্গে বেশ কিছু নথিও জমা পড়েছে কমিশনের দফতরে। সেই নথি খতিয়ে দেখেই তদন্তের নির্দেশ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বসু।

এর আগেও ব্রাত্য বসুর বিরুদ্ধে মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল। দুই মহিলার দাবি, ফোনে তাঁদের কুপ্রস্তাব দেন ব্রাত্য। রাজি না হওয়ায় বদলি-সহ নানা ভাবে হেনস্থা করা হয়। এই ঘটনায় জিরো এফআইআরও দায়ের হয়েছে। পাশাপাশি ব্রাত্য এবং রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও রয়েছে। ইন্দ্রনীল ইতিমধ্যেই পুজোর পাস সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন।

যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন ব্রাত্য। তাঁর দাবি, অভিযোগকারিণীকে তিনি চোখেই দেখেননি। বরং তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। ব্রাত্যর বক্তব্য, “ইন্দ্রনীল গ্রেফতার হওয়ার পর আমার নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর নেপথ্যে ব্যক্তিগত যোগসাজশ থাকতে পারে। প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা হয়েছে। আইনি পদক্ষেপ করব আমি।” এমনকি এক অভিযোগকারিণীর বিরুদ্ধে পাল্টা দাবি করে তিনি বলেছিলেন, “আসলে উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন। আমি তাতে রাজি হইনি। তাই এখন খেপে গিয়ে বলছেন!”

এবারের দুর্নীতির অভিযোগ নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, “অভিযোগ জমা পড়লে তদন্ত হোক। আমার কোনও অসুবিধা নেই।” কমিশনের তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ