জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত
ইউটিউবার ধ্রুব রাঠীর বিরুদ্ধে এ বার জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। ২০১৮ সালের এক ফৌজদারি মানহানির মামলায় অভিযুক্ত তিনি। সোমবার ওই মামলায় ধ্রবের বিরুদ্ধে পদক্ষেপ করেছে দিল্লির আদালত। এর আগে গত অক্টোবরে এই মামলায় জামিনযোগ্য পরোয়ানা জারি হয়েছিল ইউটিউবারের বিরুদ্ধে।
২০১৮ সালের মে মাসে বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে মানহানির মামলা দায়ের করেছিলেন ধ্রুবের বিরুদ্ধে। অভিযোগকারীর একটি সমাজমাধ্যম পেজ রয়েছে। তিনি নিজেকে ‘রাজনৈতিক স্বেচ্ছাসেবক’ বলেও দাবি করেন। বিকাশের অভিযোগ, ধ্রুবের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া একটি ভিডিয়োয় তাঁর সম্মানহানি হয়েছে। অভিযোগকারীর দাবি, তাঁকে বিজেপির আইটি সেলের সঙ্গে জড়িত বলে দাবি করেছিলেন ধ্রুব। ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য তিনি এক ব্যক্তিকে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন— ধ্রুবের ভিডিয়োয় এমনটাও দাবি করা হয়েছিল বলে অভিযোগ। বিকাশের বক্তব্য, ধ্রুবের ভিডিয়োয় যা দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং এর ফলে তাঁর সম্মানহানি হয়েছে।
এই মামলায় ২০১৯ সালের জুলাই মাসে ধ্রুবকে প্রথম বার সমন পাঠিয়েছিল আদালত। কিন্তু তিনি অস্ট্রিয়ায় বসবাস করায় দীর্ঘ কয়েক বছর ধরে আইনি প্রক্রিয়ায় বিলম্ব হয়। চলতি মাসের শুরুতে অভিযোগকারীর আইনজীবী সমক্ষ শর্মা আদালতে একটি জরুরি আবেদন দাখিল করে জানান যে, ধ্রুব সম্প্রতি ভারতে এসেছেন। এর পরেই মামলাটি নতুন করে গতি পায়। গত ১৭ অক্টোবর ধ্রুবের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিল আদালত। কিন্তু সেটি তাঁর অস্ট্রিয়ার ঠিকানায় চলে গিয়েছিল। ফলে সেই পরোয়ানা কার্যকর হয়নি। পরে ৩১ অক্টোবর ফের ধ্রুবের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল। এ বার জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হল ইউটিউবারের বিরুদ্ধে।

