উত্তরপ্রদেশে সপা কংগ্রেস আসন রফা চূড়ান্ত দু-একদিনের মধ্যেই ঘোষণা দাবি কংগ্রেসের!
উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে আসনরফা নিয়ে দিল্লিতে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি (এসপি)। সোমবার উত্তরপ্রদেশ কংগ্রেসের সভানেত্রী আরাধনা মিশ্র মোনার পিতা তথা রাজ্যসভা সাংসদ প্রমোদ তিওয়ারির ১৭ তিনমূর্তি মার্গের সরকারি বাংলোয় এই বৈঠকে প্রমোদ ও আরাধনা ছাড়াও উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি পর্যবেক্ষক রাজেন্দ্রপাল গৌতম, সাংসদ ইমরান মাসুদ ও বিধায়ক বীরেন্দ্র চৌধরী হাজির ছিলেন। এসপির তরফে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামগোপাল যাদব, উত্তরপ্রদেশ শাখার সভাপতি শ্যামলাল পাল এবং সাংসদ রাজীব রাই ও ইকরা হাসান। মঙ্গলবার ফের বৈঠকে বসছে দু’পক্ষ।
মিনিট কুড়ির বৈঠকের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দু’দলের নেতারাই জানান, আলোচনা ইতিবাচক হয়েছে। রামগোপাল বলেন, ‘‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং দু’পক্ষই একে অপরের মতামত শুনেছে। সমাজবাদী পার্টি এবং কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে লড়তে বদ্ধপরিকর। দু’-চার দিনের মধ্যেই আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আমরা আশাবাদী।’’ অন্য দিকে প্রমোদ বলেন, ‘‘কোন দল ক’টি আসনে লড়বে, তা বড় কথা নয়। লড়াই হবে জয়ের লক্ষ্যে। উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে এ বার বিজেপির হার নিশ্চিত।’’ রাজেন্দ্র বলেন, ‘‘আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে।’’
প্রসঙ্গত, এসপি প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব আগেই জানিয়েছেন, আসন সমঝোতার এক এবং একমাত্র মাপকাঠি হল ‘জয়ের সম্ভাবনা’। এর আগে অখিলেশ একটি টিভি চ্যানেলে ইঙ্গিত দিয়েছিলেন কংগ্রেস উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ১৮১টি দাবি করেছে। এর পরে ইকরা-সহ এসপি নেতাদের একাংশ প্রকাশ্যে জানান, কংগ্রেসকে ৫০টির বেশি আসন ছাড়া হবে না।

