জেলা 

কৃষ্ণনগরে ‘সুভাষ ফিরেছিলেন’ — নেতাজির গোপন অধ্যায় শুনে আবেগে ভাসল রবীন্দ্রভবন

শেয়ার করুন

এস রোজলিন, কলকাতা: আজ কৃষ্ণনগর রবীন্দ্রভবন সাক্ষী রইল ভারতবর্ষের ইতিহাসের এক গোপন, শিহরণ জাগানো অধ্যায়ের। ‘Knowing Netaji’-এর উদ্যোগে এবং ‘Your Friend’-এর আয়োজনে অনুষ্ঠিত হল বিশেষ আলোচনা সভা ‘সুভাষ ফিরেছিলেন’। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের পরের সুদীর্ঘ অজানা ইতিহাস, আর সেই ইতিহাসের সঙ্গে ভগবানজীর সেতুবন্ধন নিয়ে সাজানো এই সেমিনার যেন এক মুহূর্তের জন্যও দর্শকদের চোখ সরতে দিল না।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও ‘সুভাষ ফিরেছিলেন’ বইয়ের লেখক কুণাল বসু। তাঁর সঙ্গে আলোচনায় অংশ নেন নেতাজি গবেষক সৈকত নিয়োগী এবং সৌম্যব্রত দাশগুপ্ত। তিনজনের বক্তব্য, তথ্য আর গবেষণার মেলবন্ধনে রবীন্দ্রভবন যেন ফিরে গিয়েছিল কয়েক দশক আগের সেই রহস্যে মোড়া সময়ে।

সেমিনারের মূল আকর্ষণ ছিল কুণাল বসুর দীর্ঘ অনুসন্ধানের অভিজ্ঞতা। নেতাজির অন্তর্ধানের পর নতুন পরিচয়ে আবির্ভূত ভগবানজীর সঙ্গে এক সেতুবন্ধনকারী হিসেবে তিনি যেভাবে ছবির মতো করে সেই কাহিনি এঁকে দিলেন, তা দর্শকদের নিয়ে গেল সেই হৃদয়বিদারক গোপন ইতিহাসের দোরগোড়ায়। উত্তরপ্রদেশের ফৈজাবাদের গুমনামী বাবা ওরফে ভগবানজীকে ঘিরে বিভিন্ন ঐতিহাসিক নথিপত্র, চিঠি, সাক্ষ্য আর তাঁর নিজের অনুসন্ধানের পবিত্র পরশের কথা তুলে ধরলেন কুণাল বসু।

তাঁর বক্তব্যে উঠে এল, কীভাবে বছরের পর বছর ধরে ভগবানজীর অনুসন্ধান করতে করতে তিনি নেতাজিকে নতুন করে চিনেছেন। শুধু ইতিহাসের পাতা নয়, মানুষের আবেগ, বিশ্বাস আর সত্য জানার আকুতি মিলেমিশে একাকার হয়ে গেল তাঁর কথায়।

যাঁরা এতদিন কুণাল বসুকে টিভির পর্দায় কিংবা মোবাইল স্ক্রিনে দেখে এসেছেন, তাঁদের কাছে সামনাসামনি তাঁকে দেখার সুযোগটাই ছিল বড় প্রাপ্তি। কিন্তু অনুষ্ঠান শেষে অনেকেই বললেন, শুধু কুণালদাকে দেখা নয়, তাঁর সঙ্গে এক নতুন নেতাজিকে নিয়ে ফিরলেন তাঁরা। কেউ বললেন, কুণালদার কথা যেন কৌটোয় ভরে নয়, হৃদয়ে ভরে নিয়ে এলেন। ভগবানজীর অনুসন্ধান করতে করতে তিনি যে পরশ পেয়েছেন, সেই পবিত্র পরশের ছোঁয়ার নির্যাস যেন ছড়িয়ে গেল গোটা রবীন্দ্রভবনে। সৈকত নিয়োগী এবং সৌম্যব্রত দাশগুপ্তের আলোচনায় আরও সমৃদ্ধ হল সভা। নেতাজি গবেষণার নানা অজানা দিক, তথ্যসূত্র আর প্রশ্নোত্তর পর্বে দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায়। সব মিলিয়ে আজকের দিনটা উপস্থিত সকলের কাছে সারা জীবনের স্মরণীয় হয়ে থাকল। ‘সুভাষ ফিরেছিলেন’ শুধু একটি সেমিনার ছিল না, ছিল নেতাজিকে নতুন করে জানার, তাঁকে হৃদয়ে নতুন করে ফিরে পাওয়ার এক আবেগঘন সন্ধ্যা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ