ঘড়ি নেই, মোবাইল নেই, তবু সময় একদম নিখুঁত! আকাশ দেখেই ঘড়ির কাঁটা মিলিয়ে দেন বাদামওয়ালা সাদ্দাম
এস রোজলিন, কলকাতা:এখনকার যুগে সময় জানতে হাতের মুঠোয় মোবাইলই যথেষ্ট। হাতে ঘড়ি না থাকলেও অসুবিধা হয় না কারও। কিন্তু এসবের ধার ধারেন না উস্থির ঘোলা এলাকার সাদ্দাম হোসেন মণ্ডল। ৩২ বছরের এই বাদাম ফেরিওয়ালার হাতে নেই ঘড়ি, পকেটে নেই মোবাইল। তবু কেউ সময় জিজ্ঞেস করলেই আকাশের দিকে একবার তাকিয়ে নির্ভুলভাবে বলে দেন এখন কটা বাজে!
প্রথমে শুনলে অবিশ্বাস্য মনে হলেও এলাকার মানুষ এখন এটাকেই সাদ্দামের পরিচয় বলে মানেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে পথে পথে বাদাম বিক্রি করে সংসার চালান তিনি। স্ত্রী আর তিন সন্তানকে নিয়ে তাঁর ছোট্ট সংসার। সকাল থেকে সন্ধে পর্যন্ত ফেরি করাই তাঁর রোজের রুটিন। আর সেই রুটিনের ফাঁকেই লুকিয়ে আছে তাঁর আশ্চর্য ক্ষমতা।
কেউ সময় জানতে চাইলেই থমকে দাঁড়ান সাদ্দাম। মুখ তুলে আকাশের দিকে তাকান। তারপর মুহূর্তের মধ্যে জানিয়ে দেন সময়। সূর্যের অবস্থান, আলোর তেজ, ছায়ার দৈর্ঘ্য আর বদলে যাওয়া — এসব দেখেই নাকি সময়ের হিসাব মিলিয়ে নেন তিনি। দীর্ঘদিন রোদে ঘুরে ঘুরে এই অভ্যাসটাই এখন তাঁর ঘড়ি হয়ে গেছে।
এটা কি জন্মগত প্রতিভা, নাকি দীর্ঘদিনের অনুশীলনের ফসল? ছোটবেলা থেকেই কি এভাবে সময় বলতে পারতেন তিনি? এই প্রশ্ন এখন ঘুরছে গোটা এলাকায়। অনেকেই কৌতূহল নিয়ে তাঁকে পরীক্ষা করতে আসেন। ঘড়ি মিলিয়ে দেখেন, সাদ্দামের বলা সময় প্রায় নির্ভুল।
বাদাম ফেরি করে সংসার চালানোর পাশাপাশি কীভাবে আকাশ দেখে সময় নির্ণয় করেন তিনি, সেই অভিজ্ঞতা আর অজানা কাহিনি উঠে এসেছে তাঁর মুখেই। ঘড়ি কিংবা মোবাইল ছাড়াই সময় বলে দেওয়ার এই অভিনব কৌশলের নেপথ্যের গল্প শুনুন সাদ্দাম হোসেন মণ্ডলের কাছ থেকেই।

